সময় কলকাতা ডেস্কঃ মোবাইলে গেম খেলতে বাধা দিয়েছিলেন মা। কিন্তু, তার পরিণতি যে এতটা মারাত্মক হতে পারে, তা হয়ত কল্পনাও করতে পারেননি মা। মোবাইল গেম খেলতে না দেওয়ায় ঘুমন্ত অবস্থায় মাকে গুলি করে খুনে অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, মাকে খুন করার পর তিনদিন ধরে ঘরের মধ্যেই দেহ লুকিয়ে রেখেছিল গুণধর ছেলে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনৌ পঞ্চমখেদা যমুনাপুরম এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোবাইলে পাবজির মতো গেম খেলা নেশা হয়ে দাঁড়িয়েছিল ওই ১৬ বছরের কিশোরের। সারাদিন ধরে মোবাইল গেমে বুঁদ হয়ে থাকত সে। এই নিয়েই ছেলেকে বকাবকি করলে কথা কাটাকাটি হয় ছেলের সঙ্গে মায়ের। শনিবার বাবার লাইসেন্স যুক্ত রিভলভার বের করে মায়ের মাথা লক্ষ্য করে গুলি চালায় ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। এমনকী মায়ের মৃত্যুর পরই বোনকে ঘরের মধ্যে আটকে দেয় সে। এরপর ঘরের মধ্যেই টানা তিনদিন ধরে মায়ের মৃতদেহ লুকিয়ে রেখেছিল অভিযুক্ত ছেলে। জানা গিয়েছে, মৃতদেহের গন্ধ ঢাকতে রুম ফ্রেশনার ব্যবহার করত গুণধর ছেলে।
জানা গিয়েছে,অভিযুক্ত কিশোরের বাবা সেনায় কর্মরত ছিলেন। তাঁর পোস্টিং ছিল কলকাতায়। মৃতদেহের দুর্গন্ধ আর ঢাকতে পারায় বুধবার ছেলেটি বাধ্য হয়ে বাবাকে মায়ের মৃত্যুর খবর দেয়। তবে তার জন্য ভুয়ো গল্প ফাঁদে সে। বাবাকে জানায়, এক আততায়ী এসে তার মায়ের উপর গুলি চালায়। এরপরই পুলিশকে খবর দেয় অভিযুক্তের বাবা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকেও একই কথা বলে কিশোর। তারপরেই ঘটনার তদন্তে নেমে সত্যিটা পুলিশের সামনে এলে জুভেনাইল অ্যাক্টে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কিশোরকে। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা