Home » বিধ্বংসী আগুন হাওড়ায়!

বিধ্বংসী আগুন হাওড়ায়!

সময় কলকাতা ডেস্কঃ বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের ছায়া এবার হাওড়ার শিবপুরে। বুধবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে হাওড়ার শালিমারের কাছে একটি রং-এর কারাখানায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দমকলের ৬ টি ইঞ্জিন। জানা গিয়েছে,কমপক্ষে ১৮ জন অগ্নিদগ্ধ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর আড়াই নাগাদ আগুন লাগে ওই রং কারখানায়। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়দের দাবি, এদিন দুপুরবেলায় তাঁরা এলাকায় বিকট একটা শব্দ শুনতে পান। সেই আওয়াজেই বাইরে বেড়িয়ে আসতেই দেখেন দাউ দাউ করে জ্বলছে ওই রং-এর কারখানা। আগুনের কুন্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের তরফে খবর পৌঁছয় শিবপুর থানা এবং দমকলে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। তাদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। কিন্তু কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় সময়ের সঙ্গে আগুন বাড়তে থাকে। এরপর ঘটনাস্থলে আসে দমকলের আরও ৪ টি ইঞ্জিন। ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে,তা থেকেই স্পষ্ট আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। যদিও শর্ট সার্কিট থেকে এসি মেশিন ফেটেই আগুন লেগেছে বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,বিধ্বংসী এই আগুনের ঘটনায় অগ্নিদগ্ধ ১৮ জনকে সিএমআরআই হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।অন্যদিকে ঝলসে গিয়েছেন কারখানার ম্যানেজারও। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে শিবপুর থানার পুলিশ।

About Post Author