সময় কলকাতা ডেস্ক: হাসিন জাহানের বিরুদ্ধে মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতে চলা মামলায় হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিলেন বিচারপতি শম্পা সরকার। প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহানের বিরুদ্ধে সম্পত্তি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন হাসিন জাহানের বাবা মহম্মদ হোসেন এবং মা নাজমা খাতুন। সেই মামলাই গ্রহণ করল না হাইকোর্ট।
উল্লেখ্য, মামলার বয়ান অনুযায়ী হাসিন জাহানের ছোট ভাই তারিক পারভেজ পেশায় পাথর খাদান এবং পাথর ভাঙ্গার মেশিনের ব্যবসা করতেন। পরিবারের সুরক্ষার জন্য স্ত্রী এবং একমাত্র পুত্র সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা বীমা করে রেখেছিলেন। ২০২১ সালে মে মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তারিক পারভেজ। ছোট ভাই করোনায় আক্রান্ত হওয়ার পর তার যাবতীয় চিকিৎসার খরচ বহন করেছিলেন হাসিন জাহান। ছোট ভাই মারা যাবার পর তার সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে শুরু হয় বিবাদ। তারিক পারভেজের স্ত্রী জুহি সমস্ত জীবন বীমার একমাত্র দাবিদার ছিলেন। কিন্তু, স্বামী মারা যাবার পর কিছুদিনের জন্য বাপের বাড়িতে গিয়েছিলেন জুহি।

অভিযোগ, শ্বশুর বাড়িতে ফিরে আসার পরেই তাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয়। এই নিয়েই সাঁইথিয়া পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন জুহির বিরুদ্ধে। শুধুমাত্র জুহিই নয়, মেয়ে হাসিন জাহানের বিরুদ্ধেও থানায় একাধিক অভিযোগ দায়ের করেন তাঁর বাবা-মা। কারণ একটাই ভাইয়ের বউয়ের পাশে দাঁড়িয়েছিলেন হাসিন জাহান। অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম