সময় কলকাতা ডেস্কঃ অতিমারির রেশ কিছুটা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। সম্প্রতি শুরু হয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল। দীর্ঘ দুই বছর পর ফের শুক্রবার ঢাকা থেকে কলকাতা ও আগরতলা পর্যন্ত বাস পরিষেবা চালু হল। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ ঢাকার মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো থেকে একটি বাস ভারতের উদ্দেশ্যে রওনা দেয়।
২০২০ সালে করোনা পরিস্থিতি যখন ভয়াবহ রূপ নেয়, সেই সময় থেকেই বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারণে ত্রিপুরা থেকে কলকাতা ট্রেন পরিষেবাও বন্ধ ছিল। যার ফলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আম জনতাকে। স্বাভাবিকভাবেই মৈত্রী বাস পরিষেবা চালু হলে এই সমস্যা অনেকটাই মিটবে বলেই আশাবাদী যাত্রীরা।
জানা গিয়েছে, আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত আসতে যাত্রীদের বাসের মোট ভাড়া পড়বে ২২০০ টাকা এবং শুধুমাত্র ঢাকা পর্যন্ত বাসের ভাড়া এক হাজার টাকা। আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় পৌঁছতে বাসে সময় লাগবে প্রায় ১৯ ঘণ্টা।
ট্রেন পরিষেবা বন্ধ থাকার দরুন যাতায়াতের সমস্যা হচ্ছিল বলেই জানান যাত্রীরা। কিন্তু, বাস পরিষেবা শুরু হওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটবে বলেই জানান বাস পরিষেবার সঙ্গে যুক্ত এদেশের কর্মীরা ।
উল্লেখ্য,করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় প্রায় ২ বছর ৩ মাস পরে চালু হয়েছে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল। কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ও কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস চালু হওয়ায় দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। পাশাপাশ চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে আসেন বহু মানুষ। এই বাস এবং ট্রেন চলাচল শুরু হওয়ায় তাঁদেরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি