সময় কলকাতা ডেস্কঃ কঠিন রোগে আক্রান্ত পপ গায়ক জাস্টিন বিবার। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে রকস্টার নিজেই জানিয়েছেন অসুখের কথা। জানা গিয়েছে র্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত আমেরিকার পপ গায়ক। অর্থাৎ ফেসিয়াল প্যারালিসিসে ভুগছেন তিনি।
ভিডিয়োটিতে দেখা গিয়েছে,জাস্টিনের মুখের ডানদিকটা অসাড়। চোখের পলক পড়ছে না। ঠিকভাবে হাসতে পর্যন্ত পারছেন না তিনি। এমনকী, ডানদিকে নাকের অংশটাও নড়ছে না তাঁর। জাস্টিন জানিয়েছেন, তাঁর মুখের ডান অংশের কোনও পেশী কাজ করছে না। এছাড়াও কানের পেশীও কাজ করছে না। বিষয়টি যদিও খুব সিরিয়াস এবং উদ্বেগজনক। প্রসঙ্গত, র্যামসে হান্ট সিনড্রোম আসলে শিঙ্গলস নামে একটি ভাইরাস, যা সংক্রমণের প্রকোপে মুখ এবং কানের নার্ভে সমস্যা দেখা দেয়। ফলে মুখে পক্ষাঘাত হয়।
জাস্টিন তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে জানিয়েছেন, এই মুহূর্তে তিনি কোনও শো করতে পারছেন না। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তিনি আপাতত কাজ থেকে বিরতি নেবেন। এই অসুখ থেকে সেরে উঠতে মুখের নানা ব্যায়ামও করছেন তিনি। কিন্তু বুঝতে পারছেন না তাঁর এই রোগ থেকে সেরে উঠতে ঠিক কতটা সময় লাগবে। আমেরিকার পপ গায়কের এই অসুখের খবর শুনে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় জাস্টিন বিবারের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁরা।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?