সময় কলকাতা ডেস্কঃ ফের বাড়ল গরমের ছুটি। আগামী ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের শিক্ষা দফতর। এর আগে ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটির সিদ্ধান্ত জানানো হয়েছিল। এবার আরও ১১ দিন তা বাড়ানো হল।
দক্ষিণবঙ্গে তীব্র গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কার্যত সে কারণেই অসুস্থ হয়ে পড়ছেন একাধিক মানুষ। রবিবারই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গরমের ছুটি বাড়ানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। স্কুলপড়ুয়াদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা নিতে বলেন মুখ্যমন্ত্রী। তারপরই গরমের ছুটি বাড়াবার সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ছুটির মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়। তীব্র দাবদাহে পড়ুয়াদের স্বার্থেই ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই নির্দেশিকায় জানানো হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে রাজ্যের শিক্ষা দফতর জানিয়েছেন, দার্জিলিং ও কালিপং জেলা বাদে রাজ্যের বাকি সব জেলাতেই গরমের ছুটির মেয়াদ বাড়ানো হবে। পাহাড়ি জেলাগুলির স্কুলে পরবর্তী নির্দেশ না পৌঁছানো পর্যন্ত আগের শিক্ষাসূচি মেনে চলা হবে। তবে শুধু সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল নয়, বেসরকারি স্কুলগুলোকেও এই নির্দেশিকা মানতে বলা হবে। বেসরকারি স্কুলগুলোর কর্তৃপক্ষকে তা মানতে হবে।
প্রসঙ্গত, তাপপ্রবাহ শুরু হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করেন। সেই অনুযায়ী সরকারি নির্দেশিকাও জারি করা হয়। কিন্তু প্রথমে গ্রীষ্মের ছুটি ১২ দিনের থাকলেও পরে তা বাড়িয়ে ৪৫ দিন করায় আপত্তি তোলেন অভিভাবক ও শিক্ষক শিবিরের বড় অংশ। তাঁদের বক্তব্য, করোনাকালে দীর্ঘ দুটো বছর পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। ফের এত দিন ছুটি পড়লে ক্ষতিগ্রস্ত হবে পড়ুয়াদের ভবিষ্যৎ। রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি কমানোর আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ছুটি থাকার পর বাচ্চারা যখন অভ্যস্ত হচ্ছিল স্কুল যাবার জন্য তখন আবারও পরিস্থিতি বিশ্লেষণ না করে, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই ৪৫ দিনের গরমের ছুটি কেন ঘোষণা করেছে রাজ্য সরকার? এমনিতেও নিম্নচাপ এবং কালবৈশাখীর ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এই পরিস্থিতিতে টানা ৪৫ দিন গরমের ছুটি দেবার কোনো যৌক্তিকতা নেই বলেই হাইকোর্ট এই হলফনামা চায়।


More Stories
প্রভিডেন্ট ফান্ডের পেনশন বাড়র সম্ভাবনা, সুপারিশ সংসদীয় স্ট্যান্ডিং কমিটির
চুক্তিভিত্তিক ড্রাইভারদের নয়া বেতন কাঠামো ঘোষণা নবান্নের
ফেসবুক থেকে ছাঁটাই হবে কয়েক হাজার কর্মী