Home » রাহুলের হাজিরা নিয়ে ধুন্ধুমার, ভাঙল চিদাম্বরমের বুকের পাঁজর

রাহুলের হাজিরা নিয়ে ধুন্ধুমার, ভাঙল চিদাম্বরমের বুকের পাঁজর

সময় কলকাতা ডেস্কঃ ক্রমশ চাপ বাড়ছে কংগ্রেসের।সোমবার টানা ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডির অফিস থেকে বেরোনোর পরেই ইমেল মারফত ফের রাহুল গান্ধিকে হাজিরার নির্দেশ দেয় ইডি। সেইমত মঙ্গলবার সকাল ১১ টায় রাহুল হাজিরা দেন ইডি-এর দপ্তরে। তারপর থেকে এখনও জিজ্ঞাসাবাদ চলছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার রাহুল গান্ধীকে ১০ ঘন্টারও বেশি সময় ধরে ম্যারাথন জেরা করে ইডি। মঙ্গলবার তাঁকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করে তদন্তকারী সংস্থা।এদিকে, ইডি তলবের বিরোধিতায় সোমবার দিল্লিতে সত্যাগ্রহ আন্দোলনে নামে কংগ্রেস।

 

জাতীয় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরযেওয়ালা জানান, কংগ্রেস নেতৃত্ব ইডি অফিসের দিকে শান্তিপূর্ণ মিছিল করবে। কিন্তু ইডি দফতরের উদ্দেশে কংগ্রেসের মিছিল বেরোতেই রাস্তায় ব্যারিকেড করে পুলিশ। কিছু কংগ্রেস কর্মী ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেখানে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমও। বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে তাঁদের উপর চড়াও হয় দিল্লির পুলিশ। আটক করা হয় কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে। তাঁর বুকের পাঁজরের হার ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গুরুতর আহত হন কেসি বেণুগোপাল এবং প্রমোদ তিওয়ারি। ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, ন্যাশানাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিকে। তবে, রাহুল গান্ধির এটা তৃতীয় তলব। এর আগেও ২ জুন ইডি তলব করে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। কিন্তু বিদেশে থাকার কারণে সেসময় তিনি হাজিরা দিতে পারেননি। তারপরেই চিঠি লিখে ইডির কাছে ফের সময় চান তিনি। তারপরেই ১৩ জুন হাজিরা দেন রাহুল। শুধু রাহুল নন, আগামী ২৩ জুন হাজিরা দেওয়ার কথা সোনিয়া গান্ধিরও।

About Post Author