সময় কলকাতা ডেস্কঃ ২ সপ্তাহের মধ্যে আদালতে সম্পত্তির হিসেব দিতে হবে। টেট দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
উচ্চতর আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার দুপুরে হাইকোর্টে হাজিরা দেন পলাশিপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্য। দুপুর আড়াইটে নাগাদ শুনানি পর্বের শুরুতে তাঁর উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আপনি যেহেতু বিধানসভার সদস্য, তাই কাঠগড়ায় তুলছি না।‘ এরপরই বিধায়কের জন্মতারিখ, পরিচয় ইত্যাদি জানার পর আদালত নির্দেশ দেন, আগামী ২ সপ্তাহের মধ্যে তাঁর সম্পত্তি সংক্রান্ত সব তথ্য হলফনামা দিয়ে জানাতে হবে। পাশাপাশি তার স্ত্রী, পুত্র ও বউমার নামে কত সম্পত্তি আছে, সেই তথ্যও দিতে হবে। পেশাগত যোগ্যতা, সম্পত্তির পরিমাণ-সহ সবমিলিয়ে ২৮ টি প্রশ্নের মুখে পড়েন মানিক। জানা গিয়েছে, হলফনামা জমা দেওয়ার শেষ তারিখ ৫ জুলাই।

শুধু তাই নয়, বিয়ের আগে পর্যন্ত মানিকের মেয়ের নামে কত সম্পত্তি ছিল, তাও বিস্তারিতভাবে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এদিন আদালত জানায়, ভবিষ্যতে আর কোনও সম্পত্তি নিজের বলে দাবি করতে পারবেন না তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। সোমবার প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । তারপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্বে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে সামলাবেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের