Home » ফুটবলের রাজপুত্রের জন্মদিন পালন ইছাপুরে

ফুটবলের রাজপুত্রের জন্মদিন পালন ইছাপুরে

সময় কলকাতা ডেস্কঃ উত্তর ২৪ পরগনার ইছাপুর আজ যেন মেসি ম্যানিয়া। প্রতি বছরের মতো এ বছরও ইছাপুর নবাবগঞ্জের মেসি ফ্যান ক্লাবের তরফে পালিত হল লিওনেল মেসির ৩৫ তম জন্মদিন। মেসি ভক্ত চা বিক্রেতা শিবে পাত্রের উদ্যোগে শুক্রবার আয়োজিত হল মেসির জন্মদিনের উৎসব। সকাল থেকেই মেসির জন্মদিনে সাদা নীল বেলুনে সেজে উঠেছিল মেসি ভক্ত শিবে পাত্রের বাড়ি। ৩৫ রকমের কেক কেটে সম্পূর্ণ বাঙালি রীতি অনুযায়ী ৩৫ রকমের মিষ্টি সহযোগে এদিন পালিত হল ফুটবলের রাজপুত্র মেসির জন্মদিন।

জানা গিয়েছে, মেসির জন্মদিন উপলক্ষে প্রতিবছরই মেসি ভক্ত চা বিক্রেতা শিবে পাত্রের উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষজনের সাহায্যার্থে তাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন সামগ্রী। একইভাবে এদিনও স্থানীয় প্রতিবন্ধী এক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় হ্যান্ডিক্যাপদের গাড়ি। পাশাপাশি এলাকার ১০০ টি বাচ্চাকে ১০০ টি জার্সি উপহারও দেন তিনি। সব মিলিয়ে ইছাপুর নবাবগঞ্জে মেসির জন্মদিন এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল স্থানীয়দের কাছে।

এ আয়োজনের উদ্যোক্তা শিবে পাত্র জানান, ‘ফুটবলের রাজপুত্র মেসির দীর্ঘায়ু কামনা করেই তার জন্মদিন পালন করলাম আমরা। মেসিকে আমরা নিজেদের ঘরের ছেলে ভেবে ফেলেছি। গত ১৬ বছর ধরে মেসির জন্মদিন পালিত হচ্ছে এখানে। ও আমাদের ভাইয়ের মতন। যতদিন বাঁচব এই দিন পালন করব।‘

ফুটবল কেরিয়ারে মেসির প্রাপ্তি আর সাফল্যের শেষ নেই। যার ফুটবলশৈলীতে মুগ্ধ বিশ্ব। ব্রাজিল থেকে আর্জেন্টিনা, চিরপ্রতিদ্বন্দ্বীদের মধ্যেও রয়েছে মেসি অনুরাগ। দেশের জার্সিতে ১৬০ টি ম্যাচ খেলে ৮৬ টি গোল করেছেন তিনি। তাঁর পেশাদার ফুটবল জীবনের পুরোটাই কেটেছে বার্সেলোনায়। বার্সেলোনার হয়ে ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ৫২০ টি ম্যাচ খেলে ৪৭৪ টি গোল করেছেন। লিওনেল মেসি টানা চারবারসহ মোট সাতবার ব্যালন ডিঅর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। পাশাপাশি তিনি সর্বোচ্চ ছয়বার ইউরোপীয় সোনালী বুট জয়েরও কৃতিত্ব অর্জন করেছেন। তাঁর পেশাদার ফুটবল জীবনের পুরোটাই কেটেছে বার্সেলোনায়।

About Post Author