Home » ডুডুয়ার জলে প্লাবিত ধূপগুড়ির একাধিক এলাকা

ডুডুয়ার জলে প্লাবিত ধূপগুড়ির একাধিক এলাকা

সময় কলকাতা ডেস্কঃ ফের ডুডুয়া নদীর জলে প্লাবিত হল ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোরা ২ অঞ্চলে পূর্ব মল্লিক পাড়া। রবিবার রাতে ভুটান পাহাড় ও ডুয়ার্সে প্রবল বৃষ্টির জেরে ফুঁলেফেঁপে উঠেছে ডুয়ার্সের নদীগুলি। যার ফলে জল ঢুকতে শুরু করেছে মূলত জোতিষের কলোনী ও তিতলি তলা মল্লিক সভা এলাকায়। জলমগ্ন হয়ে পড়েছে প্রায় ১০০ টির বেশি পরিবার।

অভিযোগ, নদীর বাঁধ কয়েক বছর আগে ভেঙে যায়। একাধিকবার প্রশাসনকে এ বিষয়ে জানিয়েও অমিল সুরাহা। ফলে নদীর বিভিন্ন স্থানে ভাঙন ধরায় গ্রামে জল ঢুকতে শুরু করেছে। সোমবার জলমগ্ন এলাকা পরিদর্শনে এসে সাঁকোয়াঝোরা ২ অঞ্চলের পঞ্চায়েত সদস্য রঞ্জু নাথ রায় বলেন,’ বর্তমানে নদীর জল কমছে। সোমবার রাতেও বৃষ্টি কারণে জল বাড়লে এলাকার মানুষদের সরিয়ে নেওয়া হবে। বন্যা দুর্গতদের থাকার ব্যবস্থা করা হবে পূর্ব মল্লিক পাড়া উচ্চ বিদ্যালয়ে। পাশাপাশি কয়েকদিন আগেই গিল্যান্ডি নদীর বাঁধ ভেঙে খট্টিমারির বেশ কয়েকটি পরিবার জলমগ্ন হয়ে গিয়েছে। এমনকী নদী গর্ভে তলিয়ে গেছে কৃষি জমি। স্থানীয়দের বাসস্থান থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে নদীর গতিপথ। সোমবার রাতে বৃষ্টি হলে বাড়িতে জল ঢুকে যাবে, এই আতঙ্কই গ্রাস করছে গ্রামবাসীদের।

অন্যদিকে, একটানা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতিগ্রস্থ জলপাইগুড়ির বিভিন্ন প্রান্ত। কেউ হারিয়েছেন বাড়িঘর, কেউ হারিয়েছেন স্বজন, কারও নষ্ট হয়েছে চাষের জমি। রাতভর বৃষ্টির জেরে জলযন্ত্রণায় ময়নাগুড়ি পুরসভার সুভাষ নগর এলাকার মানুষেরা। অভিযোগ, দুর্বল জলনিকাশি ব্যবস্থার কারণেই জলমগ্ন গোটা এলাকা। যদিও, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুহিন চৌধুরী।

পাশাপাশি রবিবার অবিরাম বৃষ্টির জেরে আংরাভাসা নদীর জলোচ্ছ্বাসের ফলে জলমগ্ন হয়ে পড়ে গয়েরকাটার বিভিন্ন এলাকা। জল ঢুকে পড়ে গয়েরকাটার জ্যোর্তিময়পল্লি, বিবেকানন্দপল্লি, হিন্দুপাড়া, কোংগারনগর সহ বিভিন্ন এলাকা।

অন্যদিকে রাতভর বৃষ্টির জেরে জলপাইগুড়ির ধুপগুড়ি শহরে ফালাকাটাগামী জাতীয় সড়ক সংলগ্ন এলাকা জলমগ্ন। দু্র্বল জলনিকাশি ব্যবস্থার অভিযোগ তুলে বারবার প্রশাসনের কাছে সমস্যা সমাধানের আর্জি জানিয়েও অমিল সুরাহা। শেষমেষ জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন ব্যবসায়ীরা। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় ধুপগুড়ি থানার পুলিশ। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা। এভাবেই বৃষ্টি জারি থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেই আশঙ্কায় ডুয়ার্সবাসী।

About Post Author