Home » শুরু হল ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব

শুরু হল ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব

সময় কলকাতা ডেস্কঃ বৃহস্পতিবার থেকে শুরু হল ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব। সাতদিন ব্যাপী চলবে এই উৎসব। চারিদিকে ভক্তদের সমাগম নজরকাড়া। ত্রিপুরার ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন খার্চি উৎসবে প্রথা অনুযায়ী বুধবার সন্ধ্যায় চতুর্দশ দেবতার বোধন এবং অধিবাস আয়োজিত হয়। হাওড়া নদীর জলে হয়েছে চতুর্দশ দেবতার স্নানযাত্রা। শয়ে শয়ে ভক্তের সমাগম নজরে আসে। উৎসব উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা।

বৃহস্পতিবার সকালে প্রাতঃ স্নান সম্পূর্ণ হয়। সাতদিনব্যাপী চতুর্দশ দেবতা মন্দিরে পূজিত হবেন। এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন হয়। ১৩ জুলাই পর্যন্ত চলবে পূজার্চনা এবং উৎসব। খার্চি উৎসবে ইতিমধ্যেই দূর দুরান্ত থেকে ব্যবসায়ীরা পণ্য সামগ্রী নিয়ে মেলায় উপস্থিত হয়েছেন। মেলার চারিদিকে রাস্তায় রয়েছে অসংখ্য দোকান। মানুষের সমাগমও চোখে পড়ার মতো।

প্রতিবছর খাটি উৎসবকে কেন্দ্র করে ত্রিপুরার নানা প্রান্তের মানুষের মধ্যে সেতুবন্ধন গড়ে ওঠে। পাশাপাশি এই উৎসবকে কেন্দ্র করে নানা ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়ে থাকে। করোনা অতিমারির কারণে দু’বছর পর ফের ছন্দে ফিরেছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব।

About Post Author