Home » আনিসকাণ্ডে চার্জশিট পেশ সিটের

আনিসকাণ্ডে চার্জশিট পেশ সিটের

সময় কলকাতা ডেস্কঃ আনিস-কাণ্ডে চার্জশিট পেশ করল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট। চার্জশিটে জানানো হল, হত্যা নয়, পুলিশের অভিযানের পর ছাদ থেকে পড়ে মৃত্যু হয় হাওড়ার আমতার ছাত্রনেতার। আনিসের মৃত্যুর পর আনিসের পরিবার অভিযোগ তুলেছিল, খুন করা হয়েছে তাদের ছেলেকে। রাজনৈতিক ষড়যন্ত্রেরও অভিযোগ তুলেছিলেন আনিসের দাদা। কিন্তু, সেই অভিযোগ খারিজ হয়েছে এই চার্জশিটে। খুনের অভিযোগ নস্যাৎ হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। চার্জশিটে নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তী, এক এএসআই, এক হোম গার্ড এবং দুই সিভিক ভলান্টিয়ারের। সিটের চার্জশিটে বলা হয়েছে, কর্নাটকের হিজাব-বিতর্ক নিয়ে নেটমাধ্যমে একটি পোস্ট করেছিলেন আনিস। তার তদন্তে তাঁর বাড়িতে যায় পুলিশ।

প্রসঙ্গত,গত ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে তাঁদের বাড়িতে ঢুকেছিল ৪ জন। তার কিছুক্ষণ বাদেই ছাদ থেকে রাস্তার উপরে এসে পড়ে আনিস। তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয় বলেই পরিবারের অভিযোগ ছিল। যদিও আনিস পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়েছিল বলেই দাবি করেছিল পুলিশ। সেই ঘটনার তদন্তে রাজ্য সরকার সিট গঠন করে। ঘটনায় সিভিক ভলান্টিয়ার সহ কয়েকজন পুলিশকর্মীকে গ্রেপ্তারও করা হয়।

About Post Author