Home » ক্যানিং হত্যাকাণ্ডে ধৃত বেড়ে চার

ক্যানিং হত্যাকাণ্ডে ধৃত বেড়ে চার

সময় কলকাতা ডেস্ক :

মঙ্গলবার ক্যানিংয়ের হাড়হিমকরা তিন তৃণমূল নেতা-কর্মী খুনের ঘটনায়  এফ আই আরে নাম থাকা একব্যক্তি  সহ মোট তিনজনকে গ্রেফতার করল পুলিশ ।ফলে এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।  পুলিশ ক্যানিং খুনের ঘটনায় এফ আই আর লিস্টে নাম থাকা  এবাইদুল্লা মণ্ডলকে মঙ্গলবার জয়নগর থেকে গ্রেফতার করে ।অন্যদিকে, খুনে মূল অভিযুক্ত রফিকুল সর্দারের ভাগ্নে মোরসেলিম মোল্লা ওরফে বুলেটকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি বেআইনী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।গ্রেফতার হয় এক টোটো চালকও। খুনের ঘটনায় তদন্তে নেমে শুক্রবার রাতে প্রথমে আফতাবউদ্দিন শেখ নামে একজনকে পুলিশ পাকড়াও করে পুলিশ।

উল্লেখ্য,৭ জুলাই ক্যানিংয়ের পিয়ারপার্কে হাড়হিমকরা ঘটনায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে যাওয়ার পথে খুন হয়ে যান পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি এবং তাঁর দুই সহকর্মী ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামানিক। ঘটে যাওয়া খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে চলছে পুলিশি তল্লাশি। এদিন গোপন খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ নাকা তল্লাশি করার সময় টোটো যাত্রী মোরসেলিম মোল্লার কোমরে গোঁজা একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। টোটো চালক আব্দুল রহমান লস্করকেও গ্রেফতার করেছে পুলিশ। অন্যতম অভিযুক্ত এবেইদুল্লা মন্ডলকেও গ্রেফতার করা হয়েছে। ফলে পুলিশ যে জাল গুটিয়ে আনছে তা পরিষ্কার।

উল্লেখ্য, দুষ্কৃতীদের হাতে নৃশংস ভাবে খুন হওয়া তৃণমূল নেতা স্বপন মাঝির দাদা মধু মাঝি এফ আই আরে ছয়জনের নামে সুনির্দিষ্ট অভিযোগ এনেছিলেন। রফিকুল সর্দার, জালালউদ্দিন আখন্দ, বশির শেখ, বাপি মণ্ডল, এবাইদুল্লা মণ্ডল ও আলি হোসেন লস্করের নাম রয়েছে এফআইআরে।ধৃত আফতাবউদ্দিন এফআইআরে উল্লিখিত বশির শেখের দাদা। এদিন এবাইদুল্লা মণ্ডলও গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিতে চায়।।

About Post Author