Home » রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

সময় কলকাতা ডেস্কঃ সর্বকনিষ্ট রাষ্ট্রপতি হিসেবে রাইসিনা হিলের বাসিন্দা হলেন দ্রৌপদী মুর্মু। সংসদের সেন্ট্রাল হলে সোমবার শপথ বাক্যপাঠ করেন তিনি। শপথবাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি এমভি রমানা। শপথগ্রহনের পর প্রাক্তন ও বর্তমান দুইই রাষ্ট্রপতি উপস্থিত বক্তাদের প্রতি বক্তৃতা পেশ করেন। এরপর তাঁরা ফিরে যান রাষ্ট্রপতি ভবনে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বতন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য সহ অন্যান্য বিশেষ অতিথিরা।


দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। সোমবার সংসদ ভবনে তাঁর শপথ গ্রহন অনুষ্ঠান উপলক্ষে ২১ গান স্যালুটে অভ্যর্থনা জানানো হবে তাঁকে। যদিও এই শপথ গ্রহণ শেষে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে একগুচ্ছ চ্যালেঞ্জ রয়েছে দ্রৌপদী মুর্মুর সামনে।
দেশে ১০ কোটিরও বেশি আদিবাসী নাগরিকদের জন্য কি বিশেষ নজর দিতে চলেছেন প্রথম আদিবাসী রাষ্ট্রপতি? কারণ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, শেষ এক বছরে আদিবাসীদের ওপর অত্যাচারের হার বেড়েছে প্রায় ৯.৩ শতাংশ। অন্যদিকে মোদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংসদের চলতি বাদল অধিবেশনেই আসতে চলেছে ‘দ্য ফরেস্ট (কনজারভেশন) সংশোধনী বিল ২০২২।’ এই বিলের সাহায্যেই কার্যত বিনা সম্মতিতেই ‘উন্নয়নে’র নামে অধিগ্রহন করা হবে আদিবাসীদের জমি। শুধু তাই নয়, সেই জমি তুলে দেওয়া যাবে বেসরকারি সংস্থার হাতেও। পাশাপাশি জঙ্গলের জমিও ব্যবহার করা যাবে সরকারি কাজে। কেন্দ্রের এই সংশোধনী বিলের কারণে আদিবাসীদের অরণ্যের অধিকার হাতছাড়া হতে চলেছে, এমনটাই বিরোধীরা অভিযোগ করেন। যদিও নতুন বিধির বিজ্ঞপ্তি পেশ করে কেন্দ্রীয় সরকার দাবি করেছে, অরণ্যের অধিকার ছিনিয়ে নেওয়ার কৌশল নয়। বরং জঙ্গলের জমি ব্যবহার করে তাকে প্রকৃত কাজে লাগানোর লক্ষ্যেই বিষয়টিকে আরও সহজ করে তোলা হচ্ছে।


এই পরিস্থিতিতে দ্রৌপদী মুর্মুর সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদে আসীন অবস্থায় আদিবাসীদের অধিকার অক্ষুন্ন রাখতে পর পর দুটি সংশোধনী বিল আটকে দিয়েছিলেন মুর্মু। তিনি ‘ছোটনাগপুর টেন্যান্সি অ্যাক্ট ১৯০৮’ এবং ‘সাঁওতাল পরগণা টেনান্সি অ্যাক্ট ১৯৪৯।’ এই দুটি বিল সই না করিয়েই ফেরত পাঠিয়েছিলেন। এই সিদ্ধান্তের জেরে প্রবল অস্বস্তিতে পড়ে গিয়েছিল রঘুবর দাসের বিজেপি সরকার। এক্ষেত্রে রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর মোদি সরকারের আনা সংশোধনী বিল ফেরত পাঠাতে পারবেন তো দ্রৌপদী মুর্মু?

About Post Author