সময় কলকাতা ডেস্কঃ ইডির নজর এবার অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার ৪০ পাতার কালো ডায়েরির দিকে। কী রয়েছে স্কুল শিক্ষাদপ্তরের ওই ডায়েরিতে, তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।
জানা গিয়েছে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২১ কোটি টাকা, ৭৯ লক্ষ টাকার গয়না, প্রচুর বৈদেশিক মুদ্রা, ১৮টি মোবাইল ফোন, ২টি ফিক্সড ডিপোজিটের কাগজ উদ্ধার হয়েছে। পাশাপাশি, উদ্ধার হয়েছে ২টি হার্ড ডিস্ক, একটি পকেট ডায়েরি, এক্সিকিউটিভ ডায়েরি, শিক্ষা দফতরের কালো ডায়েরি, ফটো অ্যালবাম এবং ৩৩টি ফাইল ফোল্ডার। এমনকী শিক্ষাদফতরের একটি খামও উদ্ধার হয়েছে অর্পিতার বাড়ি থেকে। যার মধ্যে ছিল নগদ ৫ লক্ষ টাকা। ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে হার্ড ডিস্কটি। পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে শিক্ষা দফতরের কালো ডায়েরিটি। ওই ডায়েরির মধ্যে কি রয়েছে, তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই একটি টিমও গঠন করা হয়েছে। এদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার কাছে কালো ডায়েরিতে লেখা তথ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে।
তদন্তকারী আধিকারিকদের দাবি, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় ২০১২ সালে যৌথভাবে সম্পত্তি কিনেছিলেন। সেই সব নথি সূত্রে জানা গিয়েছে, মাদুরদহে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে অবস্থিত একটি বাড়ির সন্ধান পেয়েছে, যে বাড়ি একটি বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়া আছে। সেই বাড়ির বাজারমূল্য প্রায় ১৪০ কোটি টাকার কাছাকাছি। ইডির নজরে রয়েছে সেই বাড়ি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দুইজনের মধ্যে ঘনিষ্ঠতা ও সুসম্পর্ক না থাকলে তা কিভাবে সম্ভব? প্রশ্নের উত্তর খুঁজে পেতে তৎপর ইডি।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১৩ টি জায়গায় চিরুনি তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অবশেষে প্রায় ২৭ ঘন্টা ম্যারাথন জেরার পর শনিবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি