সময় কলকাতা ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার তাঁকে মন্ত্রিসভা থেকে সরানোর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সোমবার নবান্নে পৌঁছয় সেই চিঠি।
অধীরের পাঠানো চিঠিতে লেখা রয়েছে, ‘রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি সকলের কাছে একটা ওপেন সিক্রেট। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। সেই সময়ই তিনি শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে যুক্ত ছিলেন বলেই অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতি কোনওকালেই গোপন কিছু নয়। সাধারণ মানুষ সবটাই জানে। আদালতের হস্তক্ষেপের পরই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, এটা সরকারের পক্ষে কলঙ্কজনক ঘটনা যে পার্থ চট্টোপাধ্যায় এখনও রাজ্যের শিল্পমন্ত্রী। অবিলম্বে তাঁকে এই পদ থেকে সরানো হোক।
সোমবারই পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নজরুল মঞ্চে তিনি বলেন, ‘সবাই যে সাধু এ কথা বলতে পারব না। সাধুর মধ্যেও ভূত আছে। কেউ ১০০% সঠিক কাজ করবে সেটাও বলতে পারব না। জেনে শুনে কখনো অন্যায় করিনি। সবটাই প্রমাণ সাপেক্ষ বিষয়। তবে অন্যায় প্রমাণ করতে পারলে যে অন্যায় করেছে তাঁর বিরুদ্ধে যা খুশি করুন, আই ডোন্ট কেয়ার।’

এদিন মমতা আরও বলেন যে, অন্যায় করলে কোনও মন্ত্রীকেই আমি রেয়াত করি না। সত্য প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিন। এত টাকা উঠল জানতেও পারলাম না। আমি কোনও অন্যায়কে সমর্থন করি না। অন্যায় করলে তাঁর দায়িত্ব নিজেকে নিতে হবে।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান