Home » সংগীত জগতে শোকের ছায়া, চলে গেলেন নির্মলা মিশ্র

সংগীত জগতে শোকের ছায়া, চলে গেলেন নির্মলা মিশ্র

সময় কলকাতা ডেস্ক: সংগীত জগতে ইন্দ্রপতন। অনন্ত লোকে পাড়ি দিলেন প্রবাদপ্রতীম সংগীত শিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় নিজের বাসভবনে প্রয়াত হন এই সংগীতশিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এর আগে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে বাড়ি ফিরেও যান তিনি। এবারেও শারীরিক অসুস্থার দরুণ ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।ফিরেও আসেন বাড়ি। শনিবার সকাল থেকে প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। শেষমেশ গতকাল মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী।

কয়েক দশক ধরে তাঁর কন্ঠের জাদুতে ভরেছিল বাঙালি শ্রোতার মন। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, বলো তো আরশি তুমি মুখটি দেখে, ও তোতা পাখি রে- তার জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম।

জানা গিয়েছে, রবিবার রবীন্দ্র সদন, রাজ্য সংগীত অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হবে প্রয়াত সংগীত শিল্পীর মরদেহ। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর পর ক্যাওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

About Post Author