Home » প্রয়াত বলিউড অভিনেতা মিথিলেশ চতুর্বেদী

প্রয়াত বলিউড অভিনেতা মিথিলেশ চতুর্বেদী

সময় কলকাতা ডেস্কঃ শোকের ছায়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে। প্রয়াত বলিউড অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। বৃহস্পতিবার বর্ষীয়ান অভিনেতার জামাই আশিস চতুর্বেদী তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন।

পরিবার সুত্রে জানা গিয়েছে, হার্টের সমস্যাজনিত কারণে ভুগছিলেন তিনি। বেশকিছুদিন আগেই প্রথম হার্ট অ্যাটাক হয় মিথিলেশের। সেসময় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর চিকিৎসকদের পরামর্শ মতোই তিনি লখনউয়ে নিজের বাড়িতে বিশ্রামে ছিলেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু বুধবার ফের তিনি হৃদরোগে আক্রান্ত হলে আর শেষ রক্ষা করা যায়নি।

বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পরিচালক হনশল মেহেতা থেকে শুরু করে অভিনয় জগতের বহু মানুষ। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন তিনি। ‘গদর এক প্রেম কথা’, ‘কোই মিল গ্যায়া’, ‘বান্টি অউর বাবলি’,’সত্যা’, ‘কৃশ’, ‘তাল’, ‘রেডি’, ‘অশোকা’ আর ‘ফিজা’-এর মতো বলিউডের বহু জনপ্রিয় ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। ২০২০ সালে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার সঙ্গেই গুলাবো সিতাবো ছবিতে শেষবার দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মেও পা রেখেছিলেন অভিনেতা।

About Post Author