Home » মাঙ্কি পক্সে মৃত্যু কেরলে

মাঙ্কি পক্সে মৃত্যু কেরলে

সময় কলকাতা ডেস্কঃ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স। মাঙ্কি পক্সে মৃত্যুর ঘটনা কেরলে।

কেরলের ত্রিশূরে এক যুবক মাঙ্কি পক্সে আক্রান্ত হন। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। এই মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে কেরল সরকার। জানা গিয়েছে, ওই যুবক ২২ জুলাই সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফেরেন। সেখানে থাকাকালীনই তাঁর মাঙ্কিপক্স টেস্ট রিপোর্ট পজিটিভ আসে তার। এরপর কেরলে ফিরে ভর্তি হন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই তাঁর নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই স্পষ্ট হবে যে, ওই যুবক আদৌ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন কিনা।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে কিনা, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই তাঁর নমুনা কেরলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট এলেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

যদিও এ বিষয়ে কেরলের স্বাস্থ্যমন্ত্রীর দাবি, ‘ওই যুবকের শরীরে মাঙ্কিপক্সের কোনও উপসর্গ ছিল না। এনসেফালাইটিসের উপসর্গ আর ক্লান্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে ওই যুবকের পরিবারের দাবি সংযুক্ত আরব আমিরশাহীতে নাকি তাঁর মাঙ্কিপক্সের রিপোর্ট পজিটিভ এসেছিল। বিষয়টি হাসপাতালকে জানিয়েছিল তাঁর পরিবার। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলেই আশ্বাস দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী।

দেশে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে কেরলে । এখনও পর্যন্ত দেশে চারজন আক্রান্তের খোঁজ মিলেছে। যার মধ্যে তিনজনই কেরলের বাসিন্দা।

About Post Author