সময় কলকাতা ডেস্কঃ জল্পনা ছিল সোমবারই মন্ত্রিসভা ঢেলে সাজাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, সেদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের প্রয়াণ এবং পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর অনেকগুলি দপ্তর তাঁর নিজের হাতেই রয়েছে। তাই শূন্য পদ গুলিতে নতুন মুখ আনার পাশাপাশি আরও চার-পাঁচজনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের কাজে ব্যবহার করা হবে।
সেদিনের কথা থেকেই আন্দাজ করা গিয়েছিল, মন্ত্রিসভায় অন্তত ৭ থেকে ৮টি নতুন মুখ আসতে পারে। রাজ্য মন্ত্রিসভায় এই মুহূর্তে ৪৪ জন সদস্যের মধ্যে তিনটি আসন শূন্য রয়েছে।
সম্ভাব্য মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পেতে পারেন সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। সেই সঙ্গে মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন তাপস রায়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক এবং উদয়ন গুহ। পাশাপাশি মন্ত্রিসভায় আসতে পারেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক প্রদীপ মজুমদার, মালদহের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। মন্ত্রিত্ব হারাতে পারেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। মন্ত্রিসভা থেকে সরানো হতে পারে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে। তাঁকে পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে। প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হতে পারেন ঝাড়গ্রামের বিধায়ক বীরাবাহা হাঁসদা। নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে, কয়েকজন বিধায়ককে বুধবার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ফোন করা হয়েছে মুখ্যসচিবের অফিস থেকে।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের