Home » ফের জেল হেফাজতে সারদা কর্তা সুদীপ্ত সেন

ফের জেল হেফাজতে সারদা কর্তা সুদীপ্ত সেন

সময় কলকাতা ডেস্কঃ আদালত জামিন মঞ্জুর। কিন্তু তারপরেও জেল হেফাজতে সারদা কর্তা সুদীপ্ত সেন। বুধবার তাঁকে পেশ করা হয় শ্রীরামপুর মহকুমা আদালতে। কিন্তু বেল বন্ড দিতে না পারার জন্য জেল হেফাজতে থাকতে হচ্ছে সুদীপ্ত সেনকে। তাই বুধবার ফের তাঁকে জেল হেফাজতেই পাঠায় আদালত। তবে জামিনদার জোগাড় করে তিনি জামিন নিতে পারবেন বলে আদালত নির্দেশ দিয়েছে।

জানা গিয়েছে,সারদা কর্তা সুদীপ্ত সেনের বিরুদ্ধে আর্থিক তছরুপের দুটি মামলা শ্রীরামপুর আদালতে রয়েছে। সেই মামলার জন্যই বুধবার সকালে সুদীপ্ত সেনকে শ্রীরামপুর আদালতে নিয়ে আসা হয়। দুপুর ৩টে নাগাদ তাঁকে এজলাসেও তোলা হয়। কিন্তু বেল বন্ড এদিন জমা দিতে পারেননি তিনি।

বুধবার শ্রীরামপুর আদালতকে সারদা কর্তা জানান, তিনি আর্থিকভাবে বিপর্যস্ত। তাই পার্সোনাল রিলিজ বন্ডে জামিনের আবেদন জানান। তবে আদালত জানায়, যেহেতু নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে, তাই জামিনদার জোগাড় করেই তাঁকে জামিন নিতে হবে। ১৪ দিন পর ফের সুদীপ্ত সেনকে আদালতে হাজির করা হবে। এদিন সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর তিনি দেননি। তিনি যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছেন তা এদিন তাঁর চোখ মুখেই স্পষ্ট হয়ে উঠেছিল।

তবে সুদীপ্ত সেনের আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় এদিন বলেন, ‘সুদীপ্ত সেনের বিরুদ্ধে সারদার আর্থিক তছরুপের দুটি মামলা শ্রীরামপুর আদালতে রয়েছে। ১৪ দিন আগে দুটি কেসে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন দেন। সুদীপ্ত সেন নিজে বেলের আবেদন করেছিলেন। কিন্তু বেল বন্ড জমা দিতে পারছেন না। সুদীপ্ত সেন এখনো জামিনদার জোগাড় করতে পারেননি। তাই আবার ১৪ দিন পর সুদীপ্ত সেনকে হাজির হতে হবে।’

About Post Author