সময় কলকাতা ডেস্কঃ এবার শিক্ষিকার ঘন ঘন বদলির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিলিগুড়ির চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দির হাইস্কুলের প্রধান শিক্ষিকা শান্তা মণ্ডলের বিরুদ্ধে এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলার শুনানিতে তিনি ওই শিক্ষিকাকে ‘বিশাল প্রভাবশালী’ বলে মন্তব্য করেন। শুধু তাই নয়, বিচারপতি তাঁকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গেও তুলনা করেন। অর্পিতার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষিকার কোনও যোগাযোগ রয়েছে কিনা তাও জানতে চান বিচারপতি। পাশাপাশি কীভাবে একজন শারীরিক ভাবে সুস্থ শিক্ষিকা পাঁচ বছরের মধ্যে দুবার স্কুল বদলের সুপারিশ পান, তা নিয়েই ক্ষোভপ্রকাশ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি শান্তা মণ্ডলকে শনিবার সকাল সাড়ে ১০টার মধ্যে তার পুরানো স্কুল অর্থাৎ আলিপুরদুয়ার জেলার বীরপাড়া বালিকা বিদ্যালয়ে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। শান্তা যদি আদালতের এই নির্দেশ অমান্য করেন, তাহলে তাঁর এই সিদ্ধান্ত ‘ব্রেক অফ সার্ভিস’ বলে গণ্য করা হবে৷

জানা গিয়েছে, ২০১৬ সালে শান্তা মণ্ডল নামের ওই শিক্ষিকা শিলিগুড়ির শ্রীগুরু বিদ্যামন্দির হাইস্কুলের সহ শিক্ষিকা হিসেবে যোগ দেন। এরপর ২০১৯ সালে প্রধান শিক্ষিকার পদের জন্য তিনি আবেদন করেন ও পরীক্ষা দেন। কিন্তু সেসময় বীরপাড়া গার্লস স্কুলে তাঁকে যোগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়। সেখানে যোগও দেন শান্তা মণ্ডল। এরপর ঠিক এক বছরের মধ্যে শিলিগুড়ির অমিয় পাল চৌধুরী স্কুলে আবারও যোগ দেওয়ার সুপারিশ পান তিনি। তবে সেখানে যোগ দেননি শান্তা মণ্ডল। তিনি আবার শিক্ষা দফতরে আবেদন করেন। সুপারিশ অনুযায়ী, নিজের পুরনো স্কুল অর্থাৎ শ্রীগুরু বিদ্যামন্দিরে যোগ দেন তিনি। এরপরই কলকাতা হাইকোর্টে শ্রীগুরু বিদ্যামন্দিরের সহকারী প্রধান শিক্ষক প্রসূন সুন্দর তরফদার মামলা করেন। সেই মামলার শুনানিতেই শান্তা মণ্ডলকে শ্রীগুরু বিদ্যামন্দির স্কুলে পুনরায় যোগ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি এই ঘটনায় সিবিআই তদন্তেরও নির্দেশ দেন তিনি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি