Home » অমর্ত্য সেনকে কটাক্ষে বিঁধলেন বাবুল সুপ্রিয়

অমর্ত্য সেনকে কটাক্ষে বিঁধলেন বাবুল সুপ্রিয়

সময় কলকাতা ডেস্কঃ সম্প্রতি রাজ্য সরকরের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাখান করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তারপরই তাঁর বই ‘জগৎকুটির’ জন্য রাজ্যের প্রাক্তন শাসক সিপিআইএমের তরফে তাঁকে মুজফ্ফর আহমেদ স্মৃতি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। সেই পুরস্কার গ্রহণে অমর্ত্য সেন নিজেই সম্মতি জানান। তিনি নিজে সশরীরে এসে পুরস্কার নিতে না পারলেও তাঁর ‘প্রতীচী’ ট্রাস্টের তরফে মানবী মজুমদারের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

কার্যত সেকারণেই এবার অমর্ত্য সেনকে কটাক্ষে বিঁধলেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। শুক্রবার বাবুল বলেন,‘উনি একটি নির্দিষ্ট পথে রাজনীতি করেন, যার সঙ্গে আমাদের রাজনীতির কোনও মিল নেই। ওনার ভাবনা নিয়ে কিছু বলার নেই। তবে উনি তো পর্যটক। এত বড় অর্থনীতিবিদ হওয়ার পরও বারবার বুঝিয়ে দেন যে নির্দিষ্ট রাজনৈতিক রঙের বাইরে উনি বেরোতে পারেননি।

যদিও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে বাবুল সুপ্রিয় এহেন মন্তব্যের কারণে অনেকেই নিন্দা করেছেন। এ বিষয়ে কেউ কেউ পাল্টা কটাক্ষ করে বলেছেন, বিজেপির লাইনে হেঁটেই বাবুল সুপ্রিয় এধরনের মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘আমি জানি না, তিনি কী বলেছেন। অমর্ত্য সেন অবশ্যই একজন কৃতী বাঙালি। অমর্ত্য সেন বাংলার গর্ব। তাঁকে কোনওরকম কটাক্ষ করা কখনই ঠিক নয়। নোবেলজয়ী অর্থনীতিবিদের প্রতি রাজ্য সরকারের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা আছে, যতই তিনি পুরস্কার প্রত্যাখ্যান করুন না কেন। তিনি কোন পুরস্কার নেবেন বা কোন পুরস্কার নিতে পারছেন না এ বিষয়ে আমার কোনও বক্তব্য নেই।’

প্রসঙ্গত,অমর্ত্য সেন বরাবরই বামপন্থী সমর্থক। এমনকি, মোদী সরকারের ক্ষেত্রেও কলম ধরতেও পিছপা হননি নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তাঁর এই ভূমিকার জন্য বিজেপির ছোট, বড় নেতারা নানা সময়ে তাঁকে কড়া ভাষায় আক্রমণে বিদ্ধ করেছেন।

About Post Author