সময় কলকাতা ডেস্কঃ অতিমারির রেশ কাটতে না কাটতেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। বর্ষা আসতে না আসতেই এই কয়েকদিনে ডেঙ্গুর কারণে মৃত্যুর খবরও শিরোনামে উঠে এসেছে। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নবান্নের তরফে ডেঙ্গি প্রতিরোধ করতে একগুচ্ছ নির্দেশ মানার কথা বলা হয়েছে। শুক্রবার বাংলার সব জেলার জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ডেঙ্গিতে মৃত্যু আটকাতে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে মুখ্য সচিবের তরফে।
নবান্নের পক্ষ থেকে জেলাশাসকদের কী কী নির্দেশ দেওয়া হয়েছে,দেখে নেওয়া যাক-
১. এলাকায় জল জমতে দেওয়া যাবে না
২. রাজ্যে ডেঙ্গুর টেস্ট বাড়াতে হবে
২. ডেঙ্গুর উপসর্গ দেখলেই টেস্ট করাতে হবে
৩. পুকুর, নালা, খাল, ড্রেন পরিষ্কার রাখতে হবে
৪. নিজের নিজের এলাকা পরিষ্কার রাখতে হবে। দল তৈরি করতে হবে। সেই দলে মাইক্রোবায়োলজিস্ট, কমিউনিটি মেডিসিন, ভেক্টর কন্ট্রোল বিশেষজ্ঞদের রাখতে হবে
৫. এলাকার জলাশয় গুলিতে গাপ্পি মাছ চাষ করতে হবে

উল্লেখ্য, গাপ্পি, গাম্বুসিয়া এবং তেলাপিয়া জাতীয় মাছ মশার লার্ভা খেয়ে নেয়। তাই ডিম থেকে পূর্ণাঙ্গ মশার জন্ম হতে পারে না। সেকারণেই গাপ্পি মাছ চাষের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। বৃহস্পতিবারই শহর কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক পড়ুয়ার। পাশাপাশি জলপাইগুড়ির ধুপগুড়িতে ৫৬ বছর বয়সী দীনবন্ধু রায় নামে এক ব্যক্তির ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। জেলায় জেলায় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ রুখতে তৎপর রাজ্য সরকার। আগামী সাতদিনের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণের নির্দেশও দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি