সময় কলকাতা ডেস্কঃ ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্সের থাবা। ফের দিল্লিতে এই ভাইরাসে আক্রান্ত হলেন আরও এক ব্যক্তি। এখনও পর্যন্ত শুধুমাত্র দিল্লিতেই মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন পাঁচ জন। জানা গিয়েছে,এবার এক তরুণী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দিল্লির এলএনজিপি হাসপাতালে সংক্রমিত ওই ব্যক্তি ভর্তি রয়েছেন। এর আগে চারজন এই সংক্রামক ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল এই হাসপাতালে। তাঁদের মধ্যে একজন আপাতত সুস্থ বলেই সূত্রের খবর।

বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। ভারতও ব্যতিক্রম নয়। কেরালাতে এক বিদেশ ফেরতের দেহে পাওয়া গিয়েছিল এই ভাইরাস। এরপর পরপর তিনজনের দেহে ভাইরাসটি পাওয়া গিয়েছিল। কেরালার পাশাপাশি দিল্লিতেও এই ভাইরাসের সংক্রমণ ক্রমশ চওড়া হচ্ছে। তাঁদের মধ্যে অনেকেরই বিদেশ ভ্রমণের কোনও রেকর্ড নেই।

এর আগে ১৪ জুলাই দেশে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ মেলে কেরালার কোল্লাম জেলায়। তারপরই ১৬ জুলাই তড়িঘড়ি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কেরালায় একটি বিশেষজ্ঞ মেডিকেল দল পাঠায়। টিমের সদস্যরা মাঙ্কি পক্সে আক্রান্তের বাড়িতেও গিয়েছিলেন। সেখানেই তাঁরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে রোগী পশ্চিম আফ্রিকান মাঙ্কিপক্স ভাইরাস স্ট্রেনে সংক্রামিত হয়েছেন।
যদিও হু আশ্বাস দিয়েছে, মাঙ্কিপক্স কোভিডের আকার নেবে না। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে বলা হয়েছে, কোনও ব্যক্তির দেহে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা গেলে ২১ দিন তাঁর উপর নজরদারি চালাতে হবে। এর আগেও আফ্রিকার ৯টি দেশের বাসিন্দাদের মধ্যে মাঙ্কিপক্স পাওয়া গেলেও বিশেষত ইউরোপের একাধিক দেশ থেকে মাঙ্কিপক্স সংক্রমণের খবর আসতে শুরু করে। তার মধ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর সবথেকে বেশি আসে গ্রেট ব্রিটেন স্পেন ও পর্তুগাল থেকে।

অন্যদিকে মাঙ্কিপক্স নিয়ে তৎপরতা বাড়িয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। প্রত্যেকটি জেলায় আগাম সার্কুলার জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। মাঙ্কিপক্সে সংক্রমিতদের চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালকে তৈরি রাখা হয়েছে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও আলাদা আইসোলেশন বেডের বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি নাগরিকদের সচেতন করতেও রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর