Home » ইতিহাসের পাতায় লাল হলুদ শিবির

ইতিহাসের পাতায় লাল হলুদ শিবির

সময় কলকাতা ডেস্কঃ সবুজ মেরুন শিবিরের ঝাঁ চকচকে তাবু উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজিরা নিয়ে জোর চর্চা চলেছিল। লাল হলুদ শিবিরের তরফে অবশ্য চমকের পর চমক দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, মোহনবাগান যেটা করে দেখাতে পারেনি, সেটাই করতে চলেছে ইস্টবেঙ্গল। ক্লাবের নবনির্মিত মিউজিয়াম ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা। এমনকী ক্লাবের বিশেষ কোনও ব্যক্তিত্বকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের গবেষণা করার বিষয়েও বিশেষ সহায়তা করতে চলেছেন লাল হলুদ কর্তারা। এর জন্য প্রয়োজন শুধু বিশেষ অনুমতির।

বুধবার লাল হলুদ শিবিরের ওই মিউজিয়াম উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিউজিয়ামে রাখা থাকবে ইস্টবেঙ্গলের সেরা প্রদর্শনের দিনগুলোর স্মৃতির স্মারক। সংগ্রহশালায় দেখা যাবে ইস্টবেঙ্গল ক্লাবের ভারতীয় ফুটবলের প্রতি অবদান। ইতিহাস অনুযায়ী, ১৯৫৩-র রোমানিয়ার ক্লাবের সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচ, ১৯৭০-র ইরানের পাস ক্লাবকে হারিয়ে আইএফএ শিল্ড ঘরে আনা, ২০০৩ সালের এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হওয়ার মত ঐতিহাসিক মুহূর্ত আরও একবার ফিরে দেখার সুযোগ রাখা হচ্ছে এই সংগ্রহশালায়। লাল হলুদ ক্লাবের প্রতিষ্ঠাতা রাজা সুরেশচন্দ্র চৌধুরীর নামে সংগ্রহশালাটিকে নামাঙ্কিত করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যরা।
তবে ক্লাবের এই বিশেষ সংগ্রহশালায় অনুদান দিয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা। তাই এই মিউজিয়াম উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রিত করা হয়েছে প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে সমাজের বিশিষ্ট মানুষদের। তবে ওই অনুষ্ঠানে নির্দিষ্ট সংখ্যক সদস্য এবং সমর্থকরা উপস্থিত থাকতে পারবেন। বুধবার ক্লাবের এই বিশেষ অনুষ্ঠানে কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন সহ দলের ফুটবলাররাও উপস্থিত থাকবেন।

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে গ্যালারির একটা অংশে প্রায় দেড় হাজার সদস্য সমর্থকদের প্রবেশের অনুমতি থাকছে। এখানে যে আগে এসে পৌঁছাবে, সেই প্রবেশ করতে পারবে। গ্যালারিতে দর্শকদের জন্য নির্ধারিত অংশ ভর্তি হয়ে গেলে সমর্থকদের মধ্যে আর কেউ প্রবেশ করতে পারবেন না। সংগ্রহশালার উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের ব্যাগ, ছাতা, জলের বোতলের পাশাপাশি দাহ্য পদার্থ নিয়ে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা বিধির কথা মাথায় রেখে আগত দর্শকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক‌। উদ্বোধনের পর ১৮ অগাস্ট থেকে সাধারণ মানুষরা প্রবেশ করতে পারবেন ইস্টবেঙ্গলের ওই সংগ্রহশালায়। প্রাথমিকভাবে দর্শনার্থীদের জন্য দুপুর ২টো থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে সংগ্রহশালার দরজা।

About Post Author