সময় কলকাতা ডেস্কঃ টেট দুর্নীতি মামলায় কিছুটা স্বস্তি পেলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। অনুব্রতর মেয়ে সহ ৬ জনকে টেট সার্টিফিকেট পেশের নির্দেশ প্রত্যাহার করে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানির পর বিচারপতি জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে দুটি মামলা চলছিল। তাতে অতিরিক্ত হলফনামা দিয়ে ৬ জনের প্রসঙ্গ টানা হয়েছিল। কিন্তু আদালত ওই অতিরিক্ত হলফনামা পড়ে দেখেছে। পুরানো মামলার সঙ্গে ওই অতিরিক্ত হলফনামা গ্রহণ করা হচ্ছে না। তাই ৬ জনকে টেট পাশের সার্টিফিকেট জমা দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হল।

টেট দু্র্নীতিতে নাম জড়িয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের। অভিযোগ, টিচার এলিজিবিলিটি টেস্ট পাশ না করেও প্রাথমিক শিক্ষকতা করতেন তিনি। অনুব্রতর মেয়ের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী ফিরদৌস শামিম। এছাড়া অনুব্রত ঘনিষ্ঠ আরও পাঁচজন বেআইনিভাবে চাকরি পেয়েছেন বলেই দাবি তাঁর। বৃহস্পতিবার দুপুর তিনটের মধ্যে টেট সার্টিফিকেট এবং নিয়োগপত্র-সহ ওই ছ’জনকে আদালতে হাজিরার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতে হাজিরার পরেই এই নির্দেশ প্রত্যাহার করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আপাতত স্বস্তি অনুব্রত মণ্ডলের কন্যা সহ তাঁর পাঁচ ঘনিষ্ঠের।

অন্যদিকে বৃহস্পতিবার নিজাম প্যালেস থেকে আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় নিয়ম না মেনে মেয়ের চাকরি হওয়ার বিষয়ে প্রশ্ন করতেই কার্যত ক্ষেপে গেলেন বীরভূমের বেতাজ বাদশা। এদিন মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে অনুব্রত মণ্ডল সাফ জানিয়ে দেন, ‘তাঁর মেয়ে সুকন্যার সব সার্টিফিকেট আছে। তিনি সব পাস করেছেন। মেয়েকে তলব করেনি আদালত। তাঁকে শুধুমাত্র নথি জমা দিতে বলেছে।’ পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন কার্যত মেজাজ হারান অনুব্রত। তিনি বলেন,’মেয়ে কীভাবে চাকরি পেয়েছে কোর্ট বুঝবে। আপনাকে কেন বলবো? আপনি কোন হরিদাস পাল। ’


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান