Home » যাত্রী সুরক্ষায় বাজপাখি ভাড়া করল মেট্রো কর্তৃপক্ষ

যাত্রী সুরক্ষায় বাজপাখি ভাড়া করল মেট্রো কর্তৃপক্ষ

সময় কলকাতা ডেস্কঃ মেট্রো স্টেশনে ঢুকতেই যাত্রীদের মনে যেন আতঙ্ক দানা বাঁধে। কেননা স্টেশনে অপেক্ষমান যাত্রীদের গায়ে, মাথায় যখন তখন এসে পড়ছে পাখির বিষ্ঠা। স্টেশন জুড়ে কয়েকশো পায়রার বাসা। আর এই পায়রাদের কারণেই প্রাণ ওষ্ঠাগত যাত্রীদের। এবার এই সমস্যা থেকে যাত্রীদের বাঁচাতে বাজপাখির সাহায্য নিল মেট্রো কর্তৃপক্ষ। শুনতে অবাক লাগলেও পায়রার হাত থেকে রেহাই পেতে এমন পদক্ষেপই নিয়েছে সান ফ্রান্সিসকো মেট্রো কর্তৃপক্ষ।

জানা গিয়েছে,এই বাজপাখির নাম প্যাকম্যান। তবে রোজ নয়, সপ্তাহে তিনদিন ডিউটি পালন করতে হয় প্যাকম্যানকে। সান ফ্রানসিস্কোর এল সেরিতো দেল নোরতে মেট্রো স্টেশনে টহলদারির দায়িত্ব প্যাকম্যানের। আর প্যাকম্যানকে দেখা মাত্রই ভয়ে একে একে এলাকা ছাড়ছে পায়রাগুলি।

 

ইতিমধ্যেই দারুণ ভাবে সফল হয়েছে মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। কার্যত পায়রাশূন্য হয়ে গিয়েছে ওই স্টেশন। স্বস্তির নিঃশ্বাসও ফেলছেন নিত্যযাত্রীরাও। জানা গিয়েছে,মার্কিন কর্তৃপক্ষের তরফে ভাড়া করা হয়েছে প্যাকম্যানকে। মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি যাত্রীরা। যদিও এভাবে পায়রাগুলিকে ঘরছাড়া হতে হল বলে দুঃখপ্রকাশ করলেন যাত্রীরা। যাত্রীদের কথায়,পরিস্থিতি এমনই দাঁড়িয়েছিল যে মেট্রো কর্তৃপক্ষের আর কিছু করার ছিল না। তবে নিয়মিত প্যাকম্যানকে টহল দেওয়ার জন্য আনা হবে না। জানা যাচ্ছে, শিগগিরি স্টেশনের সিলিংয়ে নেট টাঙানো হচ্ছে। লাগানো হচ্ছে কাঁটা। তাতেই পায়রার হাত থেকে স্থায়ী পরিত্রাণ মিলবে।

About Post Author