সময় কলকাতা ডেস্কঃ ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের একটি মসজিদ। বুধবার সন্ধ্যাবেলায় মসজিদ-এ প্রার্থনার সময় ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থা রয়টার্স সুত্রে জানা গিয়েছে, এ দিনের বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ৬০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। সূত্রের খবর,মসজিদের ইমামেরও প্রাণ গিয়েছে বিস্ফোরণে। তবে,বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। কাবুল নিরাপত্তা বিভাগের মুখপাত্র খালিদ জাদরান জানান, কাবুলের ১৭তম নিরাপত্তা জেলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, যে আশপাশের জানলা কেঁপে ওঠে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও সন্ত্রাসবাদী সংগঠন। প্রত্যক্ষদর্শীদের মতে, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে পাঁচ জন শিশুও রয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

জানা গিয়েছে,ভারতের বিদেশমন্ত্রক পরিস্থিতির দিকে নজর রাখছে। দু’দিন আগে তালিবান শাসনের বর্ষপূর্তি হয়েছে। তার আগে থেকেই এই ধরনের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। এ দিনের বিস্ফোরণের পিছনেও আইএসের হাত থাকতে পারে বলেই মনে করছেন অনেকে।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার