সময় কলকাতা ডেস্ক : রবিবার সকালেই বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। ভোরবেলা থেকেই ভোটকর্মীদের মধ্যে সাজোসাজো রব। বনগাঁ তৃণমূল শাসিত পুরসভা যেখানে ২২ টি ওয়ার্ডের মধ্যে ১৯টি ওয়ার্ড-ই তৃণমূল বিগত পুরভোটে দখল করেছিল। ফলে স্বাভাবিকভাবেই এই আসনটিতে জয় পরাজয়ের ওপরে পুরবোর্ডের অস্তিত্ব নির্ভর করছে না। তথাপি সাম্প্রতিক টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির আবর্তে এই নির্বাচনের ফল ইঙ্গিতবাহী ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।
তৃণমূলের হয়ে দিলীপ দাস এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ১৩৬১। তিনি ৩৮৬ ভোটে জয়ী হয়েছিলেন। উল্লেখ্য এই কেন্দ্রে ৪৭৭৬ জন ভোটার রয়েছেন। ৬ টি বুথে ভোটগ্রহণ হবে।বিরোধীরা ইতিমধ্যেই ভোটে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছে। বিজেপি অগ্রিম প্রশাসনিক দপ্তরে সন্ত্রাসের আশঙ্কায় স্মারকলিপি জমা দিয়েছে, তৃণমূল যা নিয়ে কটাক্ষ করেছে।
স্বাভাবিকভাবেই কিছুদিন আগেও মনে হয়েছিল যে একটি ওয়ার্ডের উপনির্বাচন ঘিরে সে অর্থে রাজনৈতিক আলোড়ন পড়বে না, যদিও তা সময়ের সাথে সাথে অন্যদিকে মোড় নিয়েছে। তৃণমূলের ২১ জুলাইয়ের সভার পরে দুই তাবড় নেতার গ্রেফতারি ও ইডি- সিবিআইয়ের শাসক দলের বিরুদ্ধে তোলা বিরাট মাপের দুর্নীতির অভিযোগ সামনে আসার পরে মানুষের রায় কোনদিকে যায় তা দেখার জন্য মুখিয়ে আছে রাজনৈতিক মহল আর ঠিক এই প্রশ্ন তুলেই সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করছে বিরোধীরা।যদিও তৃণমূল শিবির আত্মবিশ্বাসী।তৃণমূলের নির্বাচনী অবসার্ভার প্রসেনজিৎ ঘোষ অবশ্য বলেই রেখেছেন, হারবে জেনেই ভোট না হতেই সন্ত্রাসের তত্ব খাড়া করছে বিরোধীরা।
রাজনৈতিক চাপানউতোর যাই থাকুক,বনগাঁ শহরের একটি তৃণমূলের জেতা ওয়ার্ডের মানুষদের রায় ভোটবাক্সে জমা পড়তে চলেছে রবিবার সকাল থেকেই। ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা ৫ জন ইন্সপেক্টর,২৫ জন অফিসার ও ১০৯ জন কনস্টেবল সকাল থেকেই সচেষ্ট থাকছেন ৬টি বুথে শান্তিপূর্ণ ভোটপর্বের লক্ষ্যে।।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
অভিষেকের দুয়ারে ইডি