Home » পুজোর আগেই শেষ করতে হবে বুস্টার ডোজ, নির্দেশ রাজ্যের স্বাস্থ্য সচিবের

পুজোর আগেই শেষ করতে হবে বুস্টার ডোজ, নির্দেশ রাজ্যের স্বাস্থ্য সচিবের

সময় কলকাতা ডেস্কঃ পুজো আসছে। উৎসবের মরসুমে ভিড়ের মাঝে সংক্রমণ আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে বুস্টার ডোজের উপর জোর দেওয়া হচ্ছে। না হলে পুজোর পর সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হতে পারে। সে কারণেই পুজোর আগেই সরকারি তরফে কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ করতে হবে। এমনটাই নির্দেশ দিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। শনিবার স্বাস্থ্য ভবনে একটি বৈঠকের পর এদিন এই নির্দেশ দেন তিনি। এদিন রাজ্যের সমস্ত জেলাশাসক এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেই বৈঠকেই কোভিডের বুস্টার ডোজ নিয়ে এমন সিদ্ধান্ত হয়েছে বলে খবর। এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন মোট ৭ কোটি ২৯ লক্ষ ২৬ হাজার ৮৩৫ জন। কোভিড টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৪৫ লক্ষ ৫৭ হাজার ৬৮৭ জনকে। এছাড়া এখনও পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন ১ কোটি ২১ লক্ষ ৬৫ হাজার ৯৭৮ জন।

ধীরে ধীরে কমছে করোনার দাপট। রাজ্যে দৈনিক সংক্রমণ অনেকটাই কম। নিম্নমুখী মৃত্যুহারও। বেড়েছে সুস্থতার হারও। এদিকে, টিকাকরণে আরও জোর দিচ্ছে স্বাস্থ্যভবন। রাজ্যের স্বাস্থ্যদপ্তর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৮। মৃত্যু হয়েছে ২ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫২৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়েছেন ২০,৭৮,৯৪১। করোনা আক্রান্ত হয়েছিলেন ২১,০৪,৪৫৯ জন। করোনার বলি মোট ২১,৪৩৭। পজিটিভিটি রেট ৩.৬২ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৪০৮১।

About Post Author