সময় কলকাতা ডেস্ক : ” আজ বাজার মে ‘,”বোল রে গুড়িয়া বোল” বা “তুম মেরে পাশ রহো” অথবা ” ঘটা ঘন ঘোর”, কিংবা ” অ্যায় যশবায়ে দিন ‘ অথবা এরকম হাজার-হাজার জনপ্রিয় গজলের গায়িকা নাইয়ারা নূর আর নেই।পাকিস্তানের এই প্রবাদ প্রতিম গজল গায়িকা ৭১ বছর বয়সে প্রয়াত হলেন।

নুরজাহান,ইকবাল বানো,মেহেদী হাসান, আশাদ আমানত আলি খান, মেহনাজ আগেই চলে গিয়েছেন। এপারের গজল তারকা জগজিৎ সিংহ ও অনেকদিন হল নেই। এবার চলে গেলেন নাইয়ারা নূর। সঙ্গীত প্রেমী ও গজল প্ৰিয় মানুষদের প্রকৃত শোকের দিন রবিবার।

জন্ম ভারতে। গৌহাটিতে ১৯৫০ সালে জন্মালেও তাঁর পিতা ছিলেন মুসলিম লীগের নেতা।১৯৫৮ সালে তাঁদের পরিবার লাহোরে চলে যায়। নাইয়ারা নূর ১৯৭১ সালে গানের জগতে পা রেখে একের পর এক অসামান্য গজল উপহার দিয়েছেন। ” ও যো হামমে তুমমে কারার থা” র মত গজল আখতারি বাঈ বা খ্যাত শিল্পীদের চেয়ে অন্য ঘরানায় গেয়ে যুগোপযোগী করেছেন।অতি পরিচিত শায়েরিগুলি তাঁর আবেগী গলায় পেত অন্য মাত্রা। পাকিস্তানের সিরিয়াল ” তানসেন ” বা রেডিও পাকিস্তানের একাধিক অনুষ্ঠানে তাঁর গাওয়া গজল অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। ফায়াজ আহমেদ ফায়াজের লেখা উর্দু পংক্তিকে গজলের আঙ্গিকে যেভাবে গেয়েছেন নাইয়ারা নূর তা সম্ভবত গজল দুনিয়ায় তাঁর স্বতন্ত্র ও সেরা অবদান।গুড়িয়া আর বলবে না তবুও নাইয়ারা নূর থেকে যাবেন গজলপ্রেমীদের হৃদয়ে।।


More Stories
চলে গেলেন বশির বদর
চলে গেলেন সারিন্দার পাখি মঙ্গলাকান্ত
ছাদ থেকে পড়ে প্রয়াত পরিচালক অনীক দত্ত