Home » মহম্মদ আলি পার্কের পুজো বন্ধের নোটিশ দিল কলকাতা পুরসভা

মহম্মদ আলি পার্কের পুজো বন্ধের নোটিশ দিল কলকাতা পুরসভা

সময় কলকাতা ডেস্কঃ কলকাতার দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম বড় পুজো হল মহম্মদ আলি পার্কের পুজো। বহু বছরের পুরানো ঐতিহ্যশালী পুজো এটি। কিন্তু, এবার সেই পুজোকে কেন্দ্র করেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইতিমধ্যেই কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি নোটিশ দিয়ে পুজোর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

জানা গিয়েছে,মহম্মদ আলি পার্কের যেখানে পুজোর মণ্ডপ তৈরি হয়, তার নীচেই রয়েছে সেমি আন্ডারগ্রাউন্ড জলাধার। পুরসভার আশঙ্কা, ওই জায়গায় পুজো হলে জলাধারটি ভেঙে পড়তে পারে। কার্যত সেই কারণেই অবিলম্বে ওই জায়গায় পুজোমণ্ডপ তৈরির কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে মহম্মদ আলি পার্কের পুজো কমিটিকে এ নোটিশ পাঠিয়েছে পুরসভা।

২০১৯ সালে এই জলাধার সংস্কারের জন্য পুজো প্রাঙ্গণের পাশে দমকল কেন্দ্রে পুজো হয়েছিল। ২০২০ সালেও সেখানেই পুজো হয়। গত বছরও মূল জায়গা থেকে খানিকটা দূরে পুজো করা হয়েছিল। কিন্তু এবছরই ফের মূল জায়গায় খুঁটি পুজো করে মণ্ডপের কাজ শুরু করেন উদ্যোক্তারা। খুঁটিপুজোর জন্য পুরসভার কাছে থেকে কোনরকম অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এরপরই কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে,মহম্মদ আলি পার্কে যে জলাধারটি রয়েছে, সেটি অনেক পুরনো। তার উপর মণ্ডপ তৈরি হলে,অতিরিক্ত চাপ বহন করতে পারবে না। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবিলম্বে মণ্ডপ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই পুজোর মণ্ডপ তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পুরসভার এই নোটিশ পাওয়ার পরই মাথায় হাত পড়েছে পুজো কমিটির। যদিও পুজো কমিটির দাবি, পুরসভাকে জানিয়েই মণ্ডপের কাজ শুরু করেছিলেন তাঁরা। সেক্ষেত্রে, মহম্মদ আলি পার্কের পুজো প্রাঙ্গণে আদৌ পুজো হবে কি না, তা নিয়ে শীঘ্রই বৈঠকে বসবে পুজো কমিটি।

About Post Author