সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ দুবছর করোনা অতিমারি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে শহর কলকাতা। অতিমারির জন্য টানা দুবছর বেলুড় মঠে সাড়ম্বরে দুর্গাপুজো পালিত হয়নি। কার্যত ভক্তশুন্য মঠেই হয়েছিল দেবীর আরাধনা। তবে, এবার আর সেসব বিধিনিষেধ থাকছে না। কেননা করোনা আতঙ্ক কাটিয়ে ফের চেনা ছন্দে ফিরছে বেলুড় মঠের দুর্গাপুজো।
প্রতিবছর নিষ্ঠা ও ভক্তি সহকারে বৈদিক প্রথা মেনেই দুর্গাপূজা ও কুমারী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে বেলুড় মঠে। সেই প্রথা মেনেই জন্মাষ্টমীর পুণ্য তিথিতে কাঠামো পুজোর মধ্য দিয়ে বেলুড় মঠে দুর্গাপুজোর সূচনা হয়ে গিয়েছে। প্রতিবছর দুর্গা প্রতিমার বিসর্জনের পরই কাঠামো তুলে এনে রাখা হয়। তারপর জন্মাষ্টমীর দিন থেকেই পুজো করা হয় সেই কাঠামো। এরই মধ্যে ভক্তদের জন্য দুর্গাপুজোর নির্ঘণ্টও প্রকাশ করে দিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। বেলুড় মঠ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এ বছর থেকে দুর্গাপুজোর মণ্ডপ আগের মতো বাইরেই তৈরি করা হবে। এমনকী কুমারী পুজোর সময়ও উপস্থিত থাকতে পারবেন ভক্তরা।
দেখে নেওয়া যাক বেলুড় মঠের দুর্গাপুজোর নির্ঘণ্ট
১৫ আশ্বিন,২ অক্টোবর(মহা সপ্তমী)– এদিন ভোর সাড়ে পাঁচটায় পুজো শুরু হবে।
১৬ আশ্বিন, ৩ অক্টোবর(মহা অষ্টমী)– এই দিনও ভোর সাড়ে পাঁচটা নাগাদ পুজো শুরু হবে। তারপর সকাল ন’টায় কুমারী পুজো অনুষ্ঠিত হবে মঠে। এই দিনই বিকেল ৪.১৪ মিনিট থেকে ৫.০২মিনিট পর্যন্ত সন্ধিপুজো চলবে।
১৭ আশ্বিন, ৪ অক্টোবর(মহানবমী)- এদিন ভোরেও সাড়ে পাঁচটায় পুজো শুরু হবে। পাশাপাশি এদিন দেবীকে ভোগ নিবেদন করা হবে। জানা গিয়েছে,নবমীর দিন দেবীর সামনে দাঁড়িয়ে ভক্তরা পুষ্পাঞ্জলি দিতে পারবেন।

ইতিমধ্যেই দুর্গাপুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বেলুড় মঠের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও পুজোর প্রণামি পাঠানোর জন্য দাতার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ প্যান কার্ড , আধার কার্ড অথবা ভোটার কার্ড যেকোনও একটি পাঠাতে হবে। সেক্ষেত্রে চেক অথবা ডিমান্ড ড্রাফ্ট পাঠানো হলে তাতে অবশ্যই ‘রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ’ কথাটি উল্লেখ রাখতে হবে। অন্যদিকে রেজিস্টার পোস্ট বা কুরিয়ার কোম্পানির মাধ্যমে অর্থ না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে মঠের পক্ষ থেকে। অনলাইনে প্রণামি পাঠানোর জন্য বেলুড় মঠের ডোনেশন ওয়েবসাইটটি ব্যবহার করতে বলা হয়েছে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা