সময় কলকাতা ডেস্কঃ বুধবার দিনভর টানা সিবিআই জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার সকালেই বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। যদিও তিনি কলকাতার কোথায় আসছেন, কেন আসছেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
বুধবারই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। এদিন ১০-১২ জনের তদন্তকারীর দল উপাচার্যের কোয়ার্টার এবং দপ্তরে তল্লাশি চালান। মূলত দুটি দলে ভাগ হয়ে সিবিআই-এর প্রতিনিধি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং উপাচার্যের বাড়িতে হানা দিয়েছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে টানা জেরা করা হয় তাঁকে। সূত্রের খবর, তাঁর দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ফ্ল্যাটেও এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দিয়েছিল।
উল্লেখ্য,২০১৪-২০১৮ সাল পর্যন্ত এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। অভিযোগ,তাঁর আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতির বড় অংশ সংগঠিত হয়েছে। প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট হাইকোর্টে জমা দেন। জানা গিয়েছে,সেই রিপোর্টেই নাম রয়েছে সুবীরেশের।

প্রসঙ্গত, রাজ্যে এসএসসি দুর্নীতি মামলায় শাসকদলের একের পর এক হেভিওয়েটদের নাম জড়িয়েছে। বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী-সহ তার মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম জড়িয়েছে। কলকাতা হাইকোর্টের তরফে ইতিমধ্যেই অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এরপর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম সামনে আসতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে কয়েক কোটি টাকা, সোনা উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছে তাকেও। অন্যদিকে এসএসসি দুর্নীতি কাণ্ডে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। তারপরই এসএসসি দুর্নীতি কাণ্ডে নাম উঠে এসেছে সুবীরেশ ভট্টাচার্যের।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা