Home » দিল্লিতে নিয়ে গিয়ে সায়গলকে জেরার আবেদন ইডির

দিল্লিতে নিয়ে গিয়ে সায়গলকে জেরার আবেদন ইডির

সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার মামলায় এবার তৎপর ইডি। জানা গিয়েছে, বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লির সদর দফতরে নিয়ে গিয়ে জেরার আবেদন জানিয়েছে ইডি। বর্তমানে আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছেন সায়গল ।

সূত্রের খবর, বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউয়ের আদালতে আবেদন করে ইডি আধিকারিকরা। মূলত, গরু পাচারের টাকা কিভাবে আসত, কোথায় গেল সেই টাকা, সে বিষয়ে জানতে চায় ইডি । এমনকী, জিজ্ঞাসাবাদ করতে অনুব্রতকেও দিল্লি নিয়ে যাওয়া হতে পারে বলে খবর।

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত থেকে উঠে এসেছে কিছু অবাক করা তথ্য । জানা গিয়েছে, সায়গল হোসেনের সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। একজন সামান্য সরকারি কর্মচারীর এত সম্পত্তির উৎস কি ? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সায়গলকে দিল্লি দফতরে নিয়ে যেতে চাইছে ইডি। তবে এ বিষয়ে আদালতের রায়দানের অপেক্ষায় ইডি।

উল্লেখ্য, গরু পাচার মামলায় গত ১১ আগস্ট গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। তাঁরও বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। নামে, বেনামে একাধিক সম্পত্তি রয়েছে অনুব্রতর। তদন্তকারী আধিকারিকদের দাবি, গরু পাচারের টাকাতেই এত বিপুল সম্পত্তির মালিক হয়েছেন অনুব্রত।

About Post Author