সময় কলকাতা ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় বারবার ইডির হাজিরা এড়াচ্ছেন প্রাথমিক শিক্ষক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ২৭ জুলাই-এর পর তাঁকে যতবার ডাকা হয়েছে,ততবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। যাদবপুরের বাড়ি, ফ্ল্যাটে দেখা মেলেনি তাঁর। এমনকী, নদিয়ার পলাশি পাড়ার পৈতৃক বাড়িতেও নেই তিনি। গত একমাস ধরে তালা ঝুলছে সেই বাড়িতে। অভিযোগ, মানিক ভট্টাচার্য যে মোবাইল নম্বর দিয়েছিলেন তাতেও যোগাযোগ করা যাচ্ছে না। এরপর তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েই বৈঠক করেন ইডি কর্তারা। জানা গিয়েছে,এই পরিস্থিতিতে মানিক ভট্টাচার্য আবারও হাজিরা এড়ালে তাঁকে গ্রেফতার করতে পারে ইডি।
উল্লেখ্য,এর আগেও মানিকের বাড়িতে তল্লাশি চালিয়ে সিডি ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পান তদন্তকারীরা। সেই কারণেই গত ২৭ জুলাই তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তারপর দুবার ইডি-র হাজিরা এড়িয়ে যান মানিক ভট্টাচার্য। পূর্বে হাইকোর্টের নির্দেশ মেনে স্কুলশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় নিজের ও পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব জমা দিয়েছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। শুধু তাই নয়, বিয়ের আগে পর্যন্ত মানিকের মেয়ের নামে কত সম্পত্তি ছিল, তাও বিস্তারিতভাবে জানানোর নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পাশাপাশি আদালত জানিয়েছিল, ভবিষ্যতে আর কোনও সম্পত্তি নিজের বলে দাবি করতে পারবেন না তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।

নিয়োগ দুর্নীতি মামলায় ক্রমশ তদন্তের গতি বাড়াচ্ছে সিবিআই-ইডি। বুধবার নিউটাউন থেকে এসএসসি নিয়োগে মধ্যস্থতাকারী প্রদীপ সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। অন্যদিকে বুধবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়ি এবং অফিসে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। পাশাপাশি তাঁর দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ফ্ল্যাটও এদিন সিল করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি