Home » নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে ফের মামলা হাইকোর্টে

নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে ফের মামলা হাইকোর্টে

সময় কলকাতা ডেস্কঃ শুধু বাংলার নেতাদেরই নাম নয়, এবার সর্বভারতীয় স্তরের হেভিওয়েট নেতা নেত্রীদের সম্পত্তির পরিমাণও খতিয়ে দেখার আর্জি জানিয়ে জনস্বার্থে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এই মর্মে মামলা দায়ের করেন জনৈক আইনজীবী রমাপ্রসাদ সরকার। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। মোট ২৪ জন তৃণমূল বিরোধী নেতানেত্রীর বিরুদ্ধে মামলাটি হয়েছে। এই তালিকায় রয়েছে ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, জগত প্রকাশ নাড্ডা, রূপা গঙ্গোপাধ্যায়, স্মৃতি ইরানি, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, মনোজকুমার ওঁরাও, আব্দুল মান্নান, মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য, অনুপম হাজরা, মহম্মদ সেলিম, জিতেন্দ্র তেওয়ারি, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, রাহুল সিনহা, সুভাষ সরকার, সুজন চক্রবর্তীর নাম।

আদালতের কাছে এই ২৪ জন নেতার সম্পত্তি বৃদ্ধির হিসাব খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে। সেই সঙ্গে সম্পত্তির হিসাব না মিললে যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই আবেদনও জানানো হয়েছে। এর আগেও বাংলার রাজনৈতিক নেতা এবং নেত্রীদের সম্পত্তিবৃদ্ধি নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার খবর আসার পরই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছিল জোর চর্চা। প্রথমে ১৯ জন তৃণমূল নেতা-নেত্রী এবং তার পরে ১৫ জন বিরোধী এবং দু’জন তৃণমূল সাংসদের সম্পত্তির হিসেব খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে।

এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘জনগণের কাছে নিজেদেরকে ভাল করতে তৃণমূলের নেতারা এই মামলা করিয়েছেন। এটা সম্পূর্ণ রাজনৈতিক মামলা। যদি সম্পত্তি নিয়েই মামলা করতে হয় তাহলে তো বিপুল সম্পত্তি যে নেতাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তাঁদের নাম থাকা উচিত ছিল।’

About Post Author