Home » বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত পাকিস্তান

বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত পাকিস্তান

সময় কলকাতা ডেস্কঃ একদিকে প্রবল অর্থনৈতিক সঙ্কট। তারই মধ্যে বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। দেশের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গিয়েছে। প্রায় সাড়ে তিন কোটি মানুষ বন্যা বিপর্যস্ত হয়ে আটকে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন করেছে ইসলামাবাদ।

গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার ভারী বৃষ্টির জেরে বেলুচিস্তান, খাইবারপাখতুনখোয়া এবং সিদ্ধু প্রদেশের একাধিক এলাকা বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত। বন্যার জেরে ভেঙে পড়ছে বহু বাড়ি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে,যেখানে দেখা যাচ্ছে ,বহু মানুষ জলের স্রোতে ভেসে যাচ্ছে। সেই সঙ্গে ত্রাণের জন্য বিপর্যস্তদের অসহায়ভাবে অপেক্ষা করার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

পাকিস্তানের সেনাপ্রধান দেশের মানুষের কাছে আবেদন করেছেন, বন্যা বিপর্যস্তদের সাহায্যের জন্য যাতে সবাই এগিয়ে আসেন। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও বিশ্ব দরবারে সাহায্যের জন্য আবেদন করেছেন। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। জারদারি গার্ডিয়ানকে জানিয়েছেন, ইতিমধ্যে অর্থনৈতিক সংকটের মধ্যে আছে দেশ। বন্যা পরিস্থিতিতে তা আরও ভেঙে পড়েছে বলেই জানা গিয়েছে। সোমবারই তুর্কি ও ইসরায়েল বন্যা বিপর্যস্তদের জন্য পাকিস্তানে ত্রাণ পাঠিয়েছে। এখনও পর্যন্ত এই বন্যার কবলে পড়েছেন ৩ কোটি ৫০ লক্ষ মানুষ। গ্রেট ব্রিটেনও পাকিস্তানকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে। মঙ্গলবার দেড় কোটি মানুষকে ত্রাণ পাঠাবে তাঁরা।

দেশের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া। পরিস্থিতি মোকাবিলায় বেলুচিস্তানের জন্য পাক মুদ্রায় ১ হাজার কোটি এবং সিন্ধু প্রদেশের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। তবে শুধু আর্থিক পরিস্থিতি নয়, একই সঙ্গে পাকিস্তানে রাজনৈতি অস্থিরতা অব্যাহত। দেশের জটিলতা ক্রমশ বাড়ছে।

About Post Author