Home » বিধাননগর আদালতে অনুব্রত মণ্ডল

বিধাননগর আদালতে অনুব্রত মণ্ডল

সময় কলকাতা ডেস্কঃ বিধাননগর আদালতে পৌঁছলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল।বাম আমল থেকে চলা পুরোনো একটি মামলায় বিধাননগর আদালতে হাজিরার নির্দেশ পান অনুব্রত মণ্ডল। আর সে কারণেই সশরীরে হাজিরা দিতে বৃহস্পতিবার আসানসোলের জেল থেকে বিধাননগর আদালতে আনা হয় তাঁকে।

বৃহস্পতিবার বিধাননগর আদালতে আসার আগে আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে বেরিয়ে স্বমহিমায় দেখা যায় কেষ্ট মণ্ডলকে। পঞ্চায়েত ভোট নিয়ে তাঁর মন্তব্য, ব্যাপক ভোট হবে। কেষ্ট যে রয়েছেন কেষ্টতেই, তা কার্যত স্পষ্ট। আদালতে ঢোকার মুখে বীরভূমের দাপুটে নেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারান কেষ্ট।

উল্লেখ্য, ২০১০ সালে মঙ্গলকোটের একটি রাজনৈতিক অশান্তির মামলায় নাম রয়েছে অনুব্রত–সহ ক’‌য়েকজন জনপ্রতিনিধির। যা আগে চলছিল বারাসতের বিধায়ক, সাংসদদের আদালতে। পরে ওই আদালত বিধাননগরে স্থানান্তরিত হয়।

গরু পাচার মামলায় গত ১১ আগস্ট সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই হেফাজতে তার ঠিকানা ছিল কলকাতার নিজাম প্যালেস। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তৃণমূল সভাপতি। এখন ঠিকানা তাঁর আসানসোলের বিশেষ সংশোধনাগার । সেখানে হাসপাতাল ওয়ার্ডে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর গরু পাচার মামলায় জেল হেফাজত শেষে আদালতে তোলা হবে অনুব্রতকে। কিন্তু তার আগেই বিধাননগর আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ আসে তার কাছে। হাজিরার পর ফের আসানসোল জেলের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত।

About Post Author