Home » গঙ্গায় তলিয়ে গেল চার কিশোর

গঙ্গায় তলিয়ে গেল চার কিশোর

সময় কলকাতা ডেস্ক : শম্ভু রাম, জিতু চৌধুরী, সৌরভ প্রসাদ আর গৌতম প্রসাদ। চার কিশোরের বয়স এগারো থেকে পনেরোর মধ্যে। স্নান করতে নেমে আর উঠল না কেউ।গঙ্গায় মর্মান্তিক ঘটনার সাক্ষী জগদ্দলের চার নম্বর বিচুলি ঘাট। গঙ্গা ঘাটে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল চার কিশোর । এরা প্রত্যেকেই জগদ্দলে স্টেশন সংলগ্ন পূর্বাশা এলাকায় থাকত । উত্তর চব্বিশ পরগণার জগদ্দলের পূর্বাশা এলাকায় স্বাভাবিকভাবেই নেমেছে শোকের ছায়া।

মঙ্গলবার দুপুর নাগাদ জগদ্দল চার নম্বর বিচুলি ঘাটে স্নান করতে নেমেছিল চার কিশোর। কিছুক্ষনের মধ্যেই গঙ্গায় তলিয়ে যায়। সে সময় কাছাকাছি কেউ ছিল বলেও জানা যায় নি। তবে কিশোরদের জামা কাপড় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জগদ্দল থানার পুলিশ। এ ছাড়াও ঘটনাস্থলে এসে পুলিশের সাথে কথা বলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং।

যা জানা যাচ্ছে গঙ্গার এই ঘাটে জোয়ার থাকলেও চার কিশোর জলের বেগ বুঝে উঠতে পারে নি।দুর্ঘটনার খবর পাওয়ার পরে ডুবুরি নামানো হয়। তবে কিশোরদের জীবিত পাওয়ার সম্ভাবনা প্রায় না থাকায় ভেঙ্গে পড়েছেন কিশোরদের বাড়ির লোকজন।।

About Post Author