সময় কলকাতা ডেস্কঃ ক্রমশই জটিল হচ্ছে উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে কার্যত নাজেহাল উত্তরবঙ্গ। ফের ধস নেমেছে পাহাড়ে। বুধবার রাত থেকেই দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি প্রতিবেশী রাজ্য সিকিমেরও বেশ কয়েক জায়গায় ধস নেমেছে। এমনকী শিলিগুড়ি-সিকিমগামী জাতীয় সড়কে ধস নেমেছে। শিলিগুড়ি থেকে পাহাড়ে যাওয়ার প্রধান রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ৫৫ নম্বর জাতীয় সড়ক হয়ে ঘুরপথে যাচ্ছে গাড়িগুলি। ফলে চরম সমস্যায় পড়েছেন পর্যটকেরা।

সূত্রের খবর,ধসের কবলে পড়ে তিনটি বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। জানা গিয়েছে, বুধবার বিকালে প্রথম ধস নামে পার্শ্ববর্তী রাজ্য সিকিমে। উত্তর সিকিমে ইয়ামথাম ভ্যালি যাওয়ার পথে লাচুংয়ের পুম এলাকায় ধস নামে। এরপর এদিন রাতে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গেরও বেশ কিছু জায়গায় ধস নামার খবর পাওয়া যায়।

নতুন করে শিলিগুড়ি-সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। এর ফলে এদিন সকাল থেকে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ঘুরপথে পাহাড়ে উঠতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন পর্যটক থেকে স্থানীয়রা। তবে বৃষ্টি কিছুটা না কমলে এবং রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত শিলিগুড়ি-সিকিমগামী প্রধান সড়কটি পুরোপুরি চালু করা যাবে না বলে প্রশাসন সূত্রে খবর। অনবরত বৃষ্টির জেরে পাহাড়ে ধস নেমেছে বলেই প্রশাসন থেকে স্থানীয় বাসিন্দাদের দাবি।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি