Home » গরু পাচার মামলায় সাক্ষী দেওয়ায় হামলা

গরু পাচার মামলায় সাক্ষী দেওয়ায় হামলা

সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার কাণ্ডে ধৃতদের বিরুদ্ধে পুলিশের কাছে সাক্ষী দিয়েছিল এক ব্যক্তি। সেই অপরাধের জেরে তার বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। অভিযোগ, অভিযুক্তরা বাড়িতে ঢুকে তাঁর প্রাণনাশের চেষ্টাও করেছিল। আর তার জেরেই জখম হন নরুল ইসলাম সরকার নামের ওই ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন তিনি। মালদার বামনগোলা থানার শ্যামলী গ্রামের ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জয়পুর ইসলাম,নরুল শেখ দীর্ঘদিন ধরেই গরু পাচারের সঙ্গে যুক্ত ছিল। এই নিয়ে তাদের নামে বামনগোলা থানায় অভিযোগ দায়েরও হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ জয়পুর ইসলাম ও নরুল শেখের বাড়িতে তদন্তে যায়। কিন্তু তাদের দেখা মেলেনি। এই বিষয়েই প্রতিবেশী নরুল ইসলাম সরকার অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। অভিযোগ, তারপর থেকেই রাগে ফুঁসছিল অভিযুক্তরা।

বৃহস্পতিবার রাতে অভিযুক্তরা নরুল ইসলাম সরকারের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে। বাবাকে কোপাতে দেখে নরুল ইসলামের ছেলে বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় বলেই অভিযোগ। এরপর তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে যেতেই পালিয়ে যায় অভিযুক্তরা। আহত বাবা ও ছেলেকে প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর নরুল ইসলাম সরকারের ছেলেকে ছেড়ে দেওয়া হয়। যদিও নরুল ইসলাম সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই নরুল ইসলামের ছেলে বামনগোলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

About Post Author