Home » কয়লা পাচার-কাণ্ড! ইডি দফতরে অভিষেক

কয়লা পাচার-কাণ্ড! ইডি দফতরে অভিষেক

সময় কলকাতা ডেস্কঃ কয়লা পাচার-কাণ্ডে শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতর সিজিও কমপ্লেক্সে নির্ধারিত সময়ের আগেই নথিপত্র নিয়ে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির পর কয়লা পাচার কাণ্ডে কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে তলব করা হয়েছিল অভিষেককে। এদিন বেলা ১১টা নাগাদ তাঁকে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল। ইডি দপ্তরে তিনি পৌঁছে যান ১০টা ৪৫ নাগাদ। জানা গিয়েছে, তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে এসেছেন ৫ সদস্যের তদন্তকারী দল।

এর আগে কয়লা-কাণ্ডে ইডির দিল্লির অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেককে। সূত্রের খবর, অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি থেকে ইডির একটি বিশেষ দল এসেছে কলকাতায়। এর আগে কয়লা পাচার মামলায় দু’বার দিল্লিতে গিয়ে হাজিরা দিয়েছিলেন। দু’বার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। এবারই প্রথম কলকাতায় ডাকা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে আর্থিক লেনদেনের যে হদিশ পেয়েছে ইডি, তা নিয়েই জেরা করা হতে অভিষেককে। এর আগে অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেই বয়ানের সত্যতা যাচাই করতেই এই জিজ্ঞাসাবাদ বলে মনে করা হচ্ছে।

About Post Author