Home » এ যেন জলের মধ্যে ভাসমান স্কুল

এ যেন জলের মধ্যে ভাসমান স্কুল

সময় কলকাতা ডেস্কঃ স্কুলটি দোতলা। স্কুলের নিচের তলায় জমে আছে জল। যেন ভাসমান স্কুল। হাওড়ার সাঁত্রাগাছি মিক্সড হাইস্কুলের চিত্র। এসবের মধ্যেই চলছে পড়ুয়াদের ক্লাস। তার ওপর আবার বাইরের কয়েকজন এসে ভাড়ার বিনিময়ে থাকা শুরু করেছে। ভাবতে অবাক লাগলেও বিষয়টি সত্যি।

বাংলায় একটা কথা আছে, লিখিব পড়িব মরিব দুখে, মৎস্য মারিব খাইব সুখে। এই কথাটির যথাযথ ব্যবহার দেখা গেল একটি স্কুলের মধ্যে। যারা মাছ ধরছেন তারা আবার বাইরের লোক। এই সরকার অনুমোদিত স্কুলে রীতিমত গাঁটের পয়সা খরচা করে এখানে থাকেন। মাসে ১৬০০ টাকা ভাড়া দিতে হয় হেড স্যারকে।

স্কুলটি তেলুগু মাধ্যমের । পঞ্চম থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা পড়াশোনা করে এখানে। তবে পড়ুয়াদের সংখ্যা এখানে খুবই কম। রাজ্য সরকারের অধীনে এই স্কুলটি হলেও জায়গাটি রেলের থেকে লিজ নেওয়া। গত চারদিন আগে হওয়া বৃষ্টির রেশ এখনও রয়ে গিয়েছে। কিন্তু এখনও স্কুলের নিচের তলায় জল ভর্তি। স্কুলের প্রধান সিঁড়ির নীচে জল জমে আছে বলে বাইরে থেকে একটি লোহার সিঁড়ি করা হয়েছে। সেখান দিয়েই পড়ুয়ারা ওঠানামা করে।

অভিযোগ এই স্কুলের নীচে প্রায় বারোমাস জল থাকে। কিন্তু কিভাবে একটি সরকারি স্কুলে কেউ বসবাস করতে পারে ? কিভাবে তারা প্রধান শিক্ষকের হাতে ভাড়াও দিতে পারে ? তবে স্কুলের প্রধান শিক্ষক বলেন, ওদের দিয়েই আমরা স্কুল পরিস্কার ও আগাছা পরিষ্কার করিয়ে নিই। তবে ভাড়া নেওয়ার ব্যাপারটি তিনি এড়িয়ে যান।

বর্তমানে চারিদিকে ডেঙ্গুর বাড়বাড়ন্ত। হাওড়াতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। তার মধ্যেই প্রায় দশ মাস ধরে চলছে জলের উপর সরকারি স্কুল ! ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব চিত্র।

About Post Author