Home » ফের জেল হেফাজতে বীরভূমের দাপুটে নেতা

ফের জেল হেফাজতে বীরভূমের দাপুটে নেতা

সময় কলকাতা ডেস্কঃ ফের ১৪ দিনের জেল হেফাজতে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আগামী ২১ সেপ্টেম্বর ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে তাঁকে।

এর আগে ৩১ আগস্ট তাঁকে আসানসোল বিশেষ আদালতে পেশ করা হলে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। যদিও, তাঁর আইনজীবী এবারও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন। তবে, সেই আবেদন খারিজ করে ফের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, অনুব্রত মণ্ডল তদন্তে সেভাবে সহযোগিতা করছেন না, তাই তদন্তের স্বার্থে তাঁকে জামিন দেওয়ার বিরোধিতা করেন। দুপক্ষের সওয়াল-জবাব শেষে অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

অন্যদিকে, অনুব্রতর গড়ে বসেই অনুব্রতকে কটাক্ষে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার বীরভূমের তারাপীঠে চায়ে পে চর্চা কর্মসূচিতে সামিল হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা সহ রাজ্য এবং জেলা নেতৃত্ব। সেখানেই একের পর এক ইস্যুতে সরব মেদিনীপুরের সাংসদ।

 

About Post Author