Home » পুজোর আগে আরও ১১২ জনকে চাকরির নির্দেশ

পুজোর আগে আরও ১১২ জনকে চাকরির নির্দেশ

সময় কলকাতা ডেস্কঃ পুজোর আগে আরও ১১২ জনকে প্রাথমিক শিক্ষকের চাকরি দিতে পর্ষদকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন চারটি পৃথক মামলায় মোট ১১২ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার আদালতে এই সংক্রান্ত মামলায় শুনানি হয়। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ জানায়, ২৮ সেপ্টেম্বরের মধ্যে আরও ১১২ জনকে প্রাথমিক শিক্ষকের চাকরি দিতে হবে। এর আগে সোমবারই ২৩ এবং মঙ্গলবার ৫৪ জন আবেদনকারীকে প্রাথমিকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

২০১৪ সালে টেট পরীক্ষা দেন ওই ১১২ জন চাকরিপ্রার্থী। এরপর প্রাথমিকভাবেই তাঁরা জানতে পারেন, টেট পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তাঁরা। এরপরে ‘রাইট টু ইনফর্মেশন অ্যাক্ট’ -এর আওতায় এই চাকরিপ্রার্থীরা জানতে পারেন, পরীক্ষায় ছয়টি প্রশ্ন ভুল ছিল। এদিকে ওই ভুল প্রশ্নের জন্য টেট চাকরিপ্রার্থীদের ছয় নম্বর বাড়িয়ে দেওয়া হয়। তারই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই চাকরিপ্রার্থীরা। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতেই আরও ১১২ জনকে প্রাথমিকে চাকরি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। এই রায়ে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে আবেদনকারীদের মধ্যে। পুজোর আগেই তাঁদের নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে,পর্ষদের তরফে দাবি করা হয়েছিল এখনই কোনও শূন্যপদ নেই। এরপরেই জেলাগুলিতে প্রাথমিক শূন্য পদের একটি তালিকা নিয়ে তা আদালতের কাছে পেশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি সোমবারই আদালত জানিয়েছিল, এই সংক্রান্ত অন্যান্য মামলাগুলিও শুনবে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে, মঙ্গলবারও ২০১৪ সালে টেট পরীক্ষা দেওয়া আরও ৫৪ জন পরীক্ষার্থীকে পুজোর আগেই নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এবার বুধবারও আরও ১১২ জনের ক্ষেত্রে একই নির্দেশ দিয়েছেন বিচারপতি।

যদিও হাতে নিয়োগ পত্র না পাওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না তাঁরা। কেননা সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে রাজ্য। সেক্ষেত্রে তাঁদের নিয়োগ প্রক্রিয়া ফের একবার থমকে যেতে পারে।

About Post Author