Home » ফের উদ্ধার কোটি কোটি  টাকা

ফের উদ্ধার কোটি কোটি  টাকা

সময় কলকাতা ডেস্কঃ ফের উদ্ধার কোটি কোটি  টাকা। সপ্তাহান্তেই কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়ে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার প্রায় ১২ কোটি টাকা। শনিবার সকালেই পরিবহণ ব্যবয়াসী নিসার খানের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে ইডি। জানা গিয়েছে, খাটের তলায় প্লাস্টিকে মোড়া ছিল টাকাগুলি। টাকা গোনার কাজ চলছে। তবে, কিভাবে তাঁর বাড়িতে বিপুল পরিমাণ টাকা আসল, তার তদন্তে নেমেছে ইডি আধিকারিকরা।

শনিবার সকালে গার্ডেনরিচের ই সেভেনে নিসার খানের ফ্ল্যাটে হানা দেন ইডি আধিকারিকরা। খাটের তলায় নজর পড়তেই কার্যত অবাক হয়ে যান তাঁরা। দেখেন প্লাস্টিকের ব্যাগে থরে থরে সাজানো রয়েছে ৫০০ এবং ২০০০ টাকার বান্ডিল। সূত্রের খবর, এখনও পর্যন্ত মোট ১২ কোটি টাকার নোট উদ্ধার হয়েছে। তবে এখনও চলছে নোট গোনার কাজ। জানা গিয়েছে, পরিবহণ ব্যবসায়ী নিসারের নিউটাউন, তারাতলা হাইড রোডে অফিস রয়েছে। নিউটাউনের অফিসে তল্লাশি চালান ইডি আধিকারিকরা।

সপ্তাহের শেষে শনিবার সকালে শহরের একাধিক জায়গায় হানা দেয় ইডি। কলকাতার মোমিনপুর, পার্ক স্ট্রিট ও ম্যাকলয়েড স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালাতে দেখা গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। এদিন, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি’র তিনটি প্রতিনিধি দল বেরয়। প্রতিনিধি দলে রয়েছেন দুই মহিলা আধিকারিকও। প্রথমে পার্ক স্ট্রিটের একটি আবাসনে হানা দেন তাঁরা। সেখানে এক আইনজীবীর ফ্ল্যাটে বেশ কিছুক্ষণ ধরে চলে তল্লাশি। মোমিনপুরে ১৪ নম্বর বিন্দুবাসিনী স্ট্রিটে এস আলি নামের এক কাপড় ব্যবসায়ীর ফ্ল্যাটেও অভিযান চালায় ইডি। তল্লাশি চালায় নিউটাউনেও। তবে, ঠিক কি কারণে এই তল্লাশি, তা এখনও স্পষ্ট নয়।

About Post Author