Home » সাত সকালে শহরের একাধিক জায়গায় ইডির হানা

সাত সকালে শহরের একাধিক জায়গায় ইডির হানা

সময় কলকাতা ডেস্কঃ সপ্তাহের শেষের দিনেই শহরের একাধিক জায়গায় ইডির হানা। কলকাতার মোমিনপুর, পার্ক স্ট্রিট ও ম্যাকলয়েড স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালাতে দেখা গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের।  তবে ঠিক কোন মামলার সূত্র ধরে এই তল্লাশি তা এখনও স্পষ্ট নয় ।

জানা গিয়েছে, শনিবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি’র তিনটি প্রতিনিধি দল বেরয়। প্রতিনিধি দলে রয়েছেন দুই মহিলা আধিকারিকও। প্রথমে পার্ক স্ট্রিটের একটি আবাসনে হানা দেন তাঁরা। সেখানে এক আইনজীবীর ফ্ল্যাটে বেশ কিছুক্ষণ ধরে চলছে তল্লাশি। পাশাপাশি, এদিন সাতসকালে গার্ডেনরিচে এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা। মোমিনপুরে ১৪ নম্বর বিন্দুবাসিনী স্ট্রিটে এস আলি নামের এক কাপড় ব্যবসায়ীর ফ্ল্যাটেও অভিযান চালাচ্ছে ইডি। এস আলিকে বাড়িতে না পেয়ে তাঁর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি।

এই মুহুর্তে এসএসসি, প্রাইমারি টেট, গরু পাচার, কয়লা পাচার কাণ্ডের তদন্ত করছে দুই কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই। গত কয়েক সপ্তাহ ধরে তদন্তের স্বার্থে কলকাতার পাশাপাশি বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি।  তবে, শনিবার ঠিক কি কারণে এই তল্লাশি, তা এখনও স্পষ্ট নয়।

About Post Author