সময় কলকাতা ডেস্কঃ সোমবার দুপুরে ইডি দপ্তরে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। এদিন সময়মতো সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। সঙ্গে ছিলেন তার আইনজীবী।
কয়লা পাচারকাণ্ডে গতকাল মধ্যরাতে ইডি অফিসে যান মেনকা গম্ভীর। কিন্তু, ইডি অফিসের গেটে তালা ঝুলছিল। সেই সময় দফতরে কোনও আধিকারিক ছিলেন না। কাউকে দেখতে না পেয়ে ফিরে যান মেনকা। মেনকা গম্ভীরের আইনজীবী জানান, “অফিসে কেউ নেই তাই ফিরে যাচ্ছি।” তবে, প্রশ্ন ওঠে মাঝরাতে কেন একজন মহিলাকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে? পরে যদিও, নিজেদের ভুল স্বীকার করে নেয় ইডি। জানায়, নোটিসে ছাপার ভুল ছিল। সোমবার বেলা সাড়ে বারোটায় ফের মেনকাকে তলব করে ইডি।
উল্লেখ্য, শনিবার রাতে মেনকাকে কলকাতা বিমানবন্দরে বাধা দেওয়া হয়। প্রায় আড়াই ঘন্টা তাঁকে বসিয়ে রাখেন অভিবাসন দপ্তরের আধিকারিকেরা। ঐদিন রাতেই ইডি মেনকাকে নোটিশ পাঠায় আধিকারিকেরা। তিন পাতার নোটিশে বলা হয় আগামী ১২ সেপ্টেম্বর রাত ১২.৩০ টায় হাজিরা দিতে হবে। ইডির নোটিশ অনুযায়ী মেনকা ও তাঁর আইনজীবী মধ্যরাতেই সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে যান। কিন্তু অফিস তালা বন্ধ অবস্থায় দেখে তাঁরা ফিরে যান। যদিও ইডি সূত্রের খবর, নোটিশে যান্ত্রিক ত্রুটি হয়েছে। সোমবার দুপুর ১২ টা ৩০ মিনিটে তাঁকে তলবের কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, কয়লা পাচারকাণ্ডে এর আগেও মেনকা গম্ভীরকে নোটিশ পাঠিয়েছিল ইডি। ৫ সেপ্টেম্বর দিল্লির সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ইডির এই সমনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মেনকা। আদালতের পক্ষ থেকে বলা হয় ইডির আধিকারিকদের কলকাতার দপ্তরেই মেনকাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। পাশাপাশি বলা হয় মেনকার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না ইডি।


More Stories
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা
হকার উচ্ছেদ, বুলডোজার রায়
সোনার ডিম পাড়ছেন সব্যসাচী!